রমজাননগর ইউপির আসন্ন নির্বাচনী মাঠে উত্তাপ

ব্যালটে ভোট হলে লড়াই হবে আকবর-মামুনের মধ্যে, চার নম্বরে থাকবে শহীদ এবং শুধুমাত্র দলীয় ভোট পাবেন ডা. আবির হোসেন কাওসার

হাবিবুর রহমান, শ্যামনগর থেকে ফিরে: দেশের সর্বদক্ষিণে সর্ববৃহৎ উপজেলার নাম শ্যামনগর। এই উপজেলার সুন্দরবনের কোল ঘেষা মাদার নদীর পাড়ে অবস্থিত রমজান নগর ইউনিয়ন। এই ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন আলম শেখ। তিনি প্রয়াত হয়েছে। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন আকবর আলী এবং কার্যক্রম নিষিদ্ধ আব্দুল্লাহ আল মামুন ২ বার নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে সরজমিনে কথা হয় বহু মানুষের সাথে। তাদের কাছে জানতে চাওয়া হয় নানা প্রশ্নের উত্তর। সাধারণ জনগণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে দাঁতে কামড় খায়, ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামানের নাম শুনলেই।

তাদের সাফ কথা উচিত কথা কইয়ে মার খেতে পারবো না। সোজা সাফটা কথা তাদের। “ হাত তুলে নির্বাচন হলে” শহীদ চেয়ারম্যান এবং ব্যালটে ভোট হলে আকবর আলী চেয়ারম্যান। অর্থাৎ এই জনপদের মানুষের কাছে শহীদুজ্জামান এখন মুর্তিমান আতঙ্ক। জনগণের বক্তব্য সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আকবর আলী ভালো মানুষ। জোরে কথা বলে না। মানুষকে অসম্মান করে না। পকেটের টাকায় রাস্তা-ঘাট বানায়ে দেয়। নিরপেক্ষ ভোট হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। শেখ আব্দুল্লাহ আল মামুন দু’বারের চেয়ারম্যান। ছিলেন আত্মগোপনে। সম্প্রতি ভোটের মাঠে নেমেছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তিনি। নির্বাচনের সুযোগ পেলে তার অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবও দিয়েছেন খেটে খাওয়া প্রান্তিক ওই জনপদের মানুষ। তাদের সরল কথা হলো শেখ আব্দুল্লাহ আল মামুন নির্বাচনের সুযোগ পেলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় আসবেন।

এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হবে শেখ আব্দুল্লাহ আল মামুন ও আকবর আলীর মধ্যে। দেশের প্রেক্ষাপটে এই ক্ষেত্রে আকবর আলীর জয়ী হওয়ার সম্ভাবনাই বেশী। আকবর আলী সাবেক ইউপি সদস্য ও চেয়ারম্যান। ধর্ণাঢ্য পরিবারে জন্ম নেওয়া আকবর আলী বর্তমান রজমাননগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য। শহীদুজ্জামান ইউনিয়ন বিএনপির সভাপতি। গত ৫ আগষ্টের পর হামলা, আগুন দেয়া, জবর-দখল, চাঁদাবাজি, এলাকায় থাকতে দিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নিকট থেকে মাসোয়ারা আদায়েরও গুরুত্বর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি এখন ওই জপদের শান্তিপ্রিয় জনগণের কাছে মুর্তিমান আতঙ্ক। তার আছে নিজস্ব বাহিনী। মুখ খুললেই হামলা-মারধোর। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আকবর আলীও তার হাত থেকে রক্ষা পায়নি। তার বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হন। থানায় হামলাও হয় কিন্তু কাউন্টার মামলা দেওয়া হয় আকবর আলীর বিরুদ্ধে। বিএনপি নেতা ও ধানের শীষে নির্বাচনে অংশ নেওয়া ড. মনিরুজ্জামনের মধ্যস্থতায় ইতোমধ্যে মামলা তুলে নিয়েছেন আকবর আলী। চেয়ারম্যান প্রার্থী আকবর আলী ও শেখ আব্দুল্লাহ আল মামুন দু’জনই ধর্ণাঢ্য পরিবারের। তাদের ব্যক্তিগত দুর্ণীতি নেই বললেই চলে। দু’জনই সমচরিত্রের। তাদের নেই কোন দাম্ভিকতা। সহজ- সরল মানুষকে তারা সম্মান করে কথা বলে। দু’জনের কেউই ওই ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জড়িয়ে পড়েনি। তাদের ব্যাপারে সাধারণ জনগণের ধারণা দু’জনই ভালো মানুষ। তাদের মধ্যে যে কেউ চেয়ারম্যান হলে ইউনিয়নের মানুষ বাঁচবে। প্রিয় পাঠক-এ সব কথা সরজমিনে কথা বলা মানুষের মন্তব্য। খবরের রীতি-নীতি ভেঙ্গে জনগণের বক্তব্যকে এই প্রতিবেদক নিজেই বলছেন। নিয়ম অনুসারে প্রান্তিক মানুষের নাম দিয়ে তার কথা খবরে আনার নিয়ম ছিলো। কিন্তু যারা এই প্রতিবেদকের নিকট আসন্ন নির্বাচন নিয়ে মুখ খুলেছেন অধিকাংশের কথা ছিল তাদের নাম পত্রিকায় প্রকাশ করে তাদেরকে যেন নির্ঘাত মারধরের মুখে ফেলে না দেওয়া হয়। এজন্যই সরজমিন খবরটি তার চিরচেনারুপে করা গেল না।

সরজমিনে যে সব মানুষের সাথে কথা হয় সেই সব জনপদের নাম ও কিছু মানুষের পরিচয়:

গত ০১ নভেম্বর শ্যামনগর উপজেলার বংশীপুর নেমে মটর সাইকেল যোগে ভেটখালী বাজার। মাদার নদীর উত্তর পার্শ্বের ভেড়িবাঁধ যা এখন পিচ ঢালাই রাস্তা। ওই রাস্তা বয়ে চলতে থাকলাম। যেখানে মানুষের নাগাল, সেখানেই গাড়ী থামিয়ে তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে। রমজান নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কারা হচ্ছেন, কোন দলের কে? প্রার্থীদের সামাজিক অবস্থান কার কেমন? জনপ্রিয়তার মানদন্ডে প্রার্থীদের অবস্থান কি? অনিয়ম-দুর্ণীতি, চাঁদাবাজি, জবর দখল, মানুষের ওপর হামলা-সামনের নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের কার অবস্থান কোথায়? স্থানীয় বনজীবিদের সুখ-দুঃখে কার ভূমিকা কি এ প্রশ্ন সামনে আনা হয়। যে সব মানুষের সাথে কথা হয় অধিকাংশই নাম প্রকাশ না করার শর্তে মুখ খুলেছেন, প্রাণ খুলে কথাও বলেছেন। এই প্রতিবেদকের ওপর আস্থা রেখে কথা বলা মানুষগুলো হলো-


মাদার নদীর পাড়ে, ভেটখালী বাজারের সন্নিকটে দাড়িয়ে থাকা ৫২ বছরের কৃষক সুবোল বৈদ্য জানালেন আসন্ন নির্বাচনে বিএনপি’র প্রার্থী দু’জন। ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আকবর আলী ও ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের শেখ আব্দুল্লাহ আল মামুন। ইউনিয়ন জামায়াতের আমির ডা. আবির হোসেন কাওসার। তার কথা ছিল শহীদুজ্জামান ৫ আগষ্টের পর সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। তিনি বনদস্যুদের বিরুদ্ধে এবং বনজীবিদের পক্ষে ভেটখালী বাজারে মানববন্ধন করেছেন। তার কথা আকবর আলীও ভালো মানুষ এবং মামুন শেখ প্রভাব খাটায়। একশ গজ পূর্ব দিকে যেয়ে রাস্তার পার্শ্বে টেংরাখালি নামক জায়গায় চায়ের দোকানে বসা বেশ কিছু মানুষের সাথে কথা হয়। এর মধ্যে প্রাইমারীর শিক্ষক আবু সুফিয়ান বলেন, তিনি আলম চেয়ারম্যান পরিবারের সন্তান। তার চোখে নির্বাচনে শহীদুজ্জামান ভালো করবে। ৫ আগষ্টের পর জনগণকে শহীদুজ্জামান নিরাপত্তা দিয়েছেন। বনজীবিদের স্বার্থরক্ষায় তিনি কাজ করেন। সাধারণ মানুষ নিরাপত্তা চায়। একই জায়গায় মোহাম্মদ কাদের মোল্লা, আব্দুর রশিদ জানান নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির শহীদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান আকবর আলী। বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন এবং ইউনিয়ন জামাতের আমীর ডা. আবির হোসেন কাওসার, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আকবর আলী। তবে এদের মধ্যে কেউই মুখ খুলতে রাজী হয়নি। তাদের কথা একেক জনকে নিয়ে আলাদা ভাবে কথা বলেন, তাহলে তথ্য পাবেন। এরপর কিছু দূরে গিয়ে কথা হয় মোঃ আব্দুল কাদেরের সঙ্গে। তিনি জানান, আকবর আলী ভালো মানুষ। মামুন শেখ ঠান্ডা প্রকৃতির। আকবর আলী পকেটের টাকায় রাস্তা ঘাট করে দেয়। একই রাস্তার সামনে গিয়ে টেংরাখালি নামক জায়গায় গিয়ে কথা হয় আব্দুল গনি, মোহাম্মদ আলী, মোঃ নুরুল ইসলাম, ইয়াকুপ মোল্লা ও মোহর আলীর সাথে। তাদের সাথে নির্বাচন নিয়ে অনেক কথা হলেও নাম প্রকাশ না করার শর্তে এই চারজন বলেন, মুখ খুলে মার খেতে পারবো না ভাই। সেখানে দাড়িয়ে থাকা দিন মজুর (লেবার) হাসিনা বেগম (৪৫) জানান, বাদা করি, জোন কিসেন দিয়ে খাই। ভোট শেষ হলে কেউ খোঁজ নেয় না। একই এলাকার মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ মোজাম জানান, আকবর আলী চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে। ভোট হলে আকাশ-জমিন ব্যবধানে আকবর আলী চেয়ারম্যান হবে। মামুন শেখ ও আকবর আলীর মধ্যে কনটেস্ট হবে। জামায়াতের প্রার্থী ডা. আবির হোসেন কাওসার শুধুমাত্র তাদের দলীয় ভোট পাবে। ফেয়ার ভোট হলে শহীদুজ্জামান চতুর্থ হবে।

কালিঞ্চী স্লুইচ গেটে বসা আমিনুর সহ ১৫/২০ জন একমত পোষন করে বলেন, বিএনপির ২ গ্রুপ। আকবর আলী গ্রুপ ও শহীদুজ্জামান গ্রুপ। মামুন শেখ ২ বার মেরে নিয়ে চেয়ারম্যান হয়েছে। তারপরও মামুন শেখের সাথে আকবর আলীর কনটেস্ট হবে। ভোট নিরপেক্ষ হলে কনটেস্ট হবে না। শহীদুজ্জামানকে ভয়ে মানুষ ভাই ভাই করে। আকবর আলী চেয়ারম্যানকে মারার বিচার হয়নি। হাত তুলে ভোট হলে শহীদুজ্জামান চেয়ারম্যান হবে। আকবর আলী হাসিমুখে থাকে কখনো কাউকে অসম্মান করেনি। কালিঞ্চি পূজা মন্ডবে ব্যবহারের জন্য দিঘির পাড়ের একটা পুরাতন কাঠ স-মিলে নিয়ে যাওয়ার সময় শহীদের লোকজন বাঁধা দেয়। কালিঞ্চির ধনকুবের আওয়ামীলীগ নেতা গফ্ফার মেম্বারকে নিয়মিত মাসোয়াররা দিয়ে বাড়ীতে থাকতে হয়। আওয়ামীলীগ নেতা আব্দুল বারীর অবস্থা একই। ৮নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আব্দুল আজিজ জানালেন, সবজায়গায় আকবর আলী। মেহেদী হাসান জানান, বিগত আওয়ামীলীগ সরকারের সময় আকবর আলীর বিরুদ্ধে ৩টি নাশকতা মামলা হলেও শহীদুজ্জামানের বিরুদ্ধে কোন মামলা হয়নি। সে সব সময় আওয়ামীলীগ নেতাদের সাথে লিয়াঁজো করে চলতো। তার প্রমাণ হিসেবে ভিডিও চিত্র সহ স্টিল ছবি আছে যা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে চেয়ারম্যান আকবর আলীর সাথে ঢাকা গিয়ে ১টি মামলা খায় সে।

১নং ওয়ার্ডের পাতড়া খোলা গ্রামের নূর আজম গাজী বলেন, আকবর আলী-মামুন শেখ ভালো মানুষ। ভালো ব্যক্তিকে ভোট দেবো। পাতড়াখোলার ব্এিনপির কর্মী আব্দুল আহাদ বলেন, মামুন শেখ জোর করে দু’বার চেয়ারম্যান হয়েছেন। বিএনপির মধ্যে গ্রুপিং আছে। শহীদের বাবা তালিকাভূক্ত রাজাকারের কমান্ডার ছিলো। শহীদুজ্জামান আওয়ামীলীগের সাথে লিয়াঁজো করে চলে। আকবর আলী, শহীদুজ্জামান, ডা. আবির হোসেন কাওসার মাঠে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোরে সোরে। নির্বাচনী আমেজ শুরু হওয়ায় মাঠে নেমেছেন মামুন শেখও। প্রকাশ্যে না হলেও ভোটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন তিনি। দ্বিতীয় পর্বে থাকবে ৪ প্রার্থীর আমল নামা।……..(চলবে)

Recomended