
নিজস্ব প্রতিবেদক: অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। একই সাথে সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা -৩৩ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করে বিজিবির আভিযানিক দল। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানায়নি বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা বিজিবির ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় জনবল বাড়ানোর পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার ভোর রাতে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
