সাতক্ষীরায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় একটি মারামারির মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সাতক্ষীরার আলোচিত জাকারিয়া হত্যাকান্ডের মূল আসামী নাহিদের আপন ভাই জাহিদ বাহিনী কর্তৃক মো. শাহিন হোসেন নামের এক ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত মো. শাহিন হোসেন শহরের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজের পশ্চিম পাশে ‘ওহি মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল’ নামে একটি ফার্মেসি পরিচালনা করেন।

এ ঘটনায় রাতে শাহিনের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, শহরের ইটাগাছা এলাকার রফিকুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২৫) এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকার জাহাঙ্গীর হোসেন এর পুত্র ড্রাইভার মামুন হোসেন (২৮)।

থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সাতক্ষীরার জাকারিয়া হত্যাকান্ডের মূল আসামী নাহিদের আপন ভাই জাহিদ ও তার বন্ধু মামুন তাঁদের একটি মারামারির মামলায় শাহিন হোসেনকে না জানিয়েই সাক্ষী হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন। ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তাঁরা শাহিনের ফার্মেসিতে গিয়ে তাঁকে ডেকে মেডিকেল কলেজের সামনে জাহিদের চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে ওই মামলায় তাঁদের পক্ষে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য শাহিনকে চাপ দেওয়া হয়। ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে শাহিন সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তাঁরা শাহিনকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে জাহিদ শাহিনের গলা টিপে ধরেন এবং তাঁর পাঞ্জাবির পকেটে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং শাহীনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recomended