
নিজস্ব প্রতিবেদক : পাটকেলঘাটার দক্ষিণ সারসা এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে মসজিদ নির্মাণ এবং অবশিষ্ট অংশে ওজুখানা নির্মাণ করে এক চিকিৎসক সহ তার স্ব-পরিবারের উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ উঠেছে ।এতে একটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা । এই ঘটনার প্রতিকার চেয়ে দক্ষিণ সারসা গ্রামের মো. রফিকুল ইসলাম পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে তিনি একই এরাকার আব্দুল কুদ্দুস গাজী (৫০) ও মামুন দফাদার (৩৫) নামের দুই ব্যক্তিকে বিবাদী করেছেন।
লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেন, ১৯৮৫ সালে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কুটিঘাটা বাজার এলাকায় ১৪ শতক জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। বর্তমানে ওই বাড়িতে তাঁদের পরিবারের প্রায় ৫০ জন সদস্য বসবাস করেন। বাড়ির উত্তর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ পাশে একটি মসজিদ রয়েছে।বিদ্যালয় ও মসজিদের মাঝ বরাবর ১৯৬২ সালের সরকারি রেকর্ডভুক্ত প্রায় ১৮ ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। ওই রাস্তার আনুমানিক ১৫ ফুট জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন অবশিষ্ট রাস্তার অংশেও মসজিদ কমিটি জোর করে ওজুখানা নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম আরো বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং মসজিদের পাশে ওজুখানা নির্মাণ করা হলে তাঁদের বাড়ি থেকে বের হওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে পরিবারের সদস্যদের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হবে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে বাড়ি থেকে বের হওয়ার জন্য অন্তত একটি ভ্যান চলাচলের মতো জায়গা রাখার অনুরোধ করা হয়েছিল। মসজিদ কমিটির অধিকাংশ সদস্য এতে সম্মতি দিলেও অভিযুক্ত দুই ব্যক্তি এতে সম্মত হননি। তাঁর দাবি, মসজিদ কমিটির অধিকাংশ সদস্য ও স্থানীয় লোকজন তাঁর পরিবারের যাতায়াতের জন্য রাস্তা রাখার পক্ষে রয়েছেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হবে ।

