
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় বারান্দা থেকে দিনদুপুরে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ডিসি কার্যালয়ের বারান্দার পশ্চিম পাশ থেকে বাইকটি চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কলারোয়া উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্বেয়ার মোঃ আব্দুল গফুর (৫০) সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আব্দুল গফুর কলারোয়া উপজেলা ভূমি অফিসে সার্বেয়ার হিসেবে কর্মরত রয়েছেন। একই সাসে সে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মোঃ গোলাম রসুলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে আব্দুল গফুর দাপ্তরিক কাজে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। তিনি তাঁর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫সিসি’ (রেজিস্ট্রেশন নং: সাতক্ষীরা-হ-১৭-৫৭০০) মোটরসাইকেলটি জেলা প্রশাসক ভবনের ৩য় তলায় দাপ্তরিক কাজে যাওয়ার পূর্বে নিচ তলার বারান্দার পশ্চিম পাশে পার্ক করে রাখেন। কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে নিচে নেমে এসে তিনি দেখেন তাঁর মোটরসাইকেলটি যথাস্থানে নেই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি কার্যালয়ের সিসিটিভি ভিডিও ফুটেজ পরীক্ষা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯:১৮ মিনিটের দিকে অজ্ঞাত এক চোর বাইকে থাকা হেলমেটটি বদলে একটি কালো রঙের হেলমেট পরিধান করে দ্রুত মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী আব্দুল গফুর জানান, ডিসি অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত স্থানে মোটরসাইকেল চুরির ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

