
কলারোয়া প্রতিবেদক: কলারোয়ায় বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি কলারোয়া থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। আকস্মিক এ পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ, রোগী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে বিভিন্ন সরকারি সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন সংসদ সদস্য। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা জানতে চান তিনি।এ সময় অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সাধারণ মানুষকে হয়রানি বরদাশত করা হবে না। জনগণের সেবায় নিয়োজিত সব দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রত্যাশীদের হয়রানি না করে দ্রুত ও সহজভাবে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

