
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন দাবি পুলিশের
নিজস্ব প্রতিবেদক ঃ“সেবার ব্রতে চাকরি” শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলে জেলায় মোট ৩৭ জন প্রার্থী নিয়োগের জন্য নির্বাচিত হন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও আবু সালেহ মোঃ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, নিয়োগ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়ম ছাড়াই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে যারা নির্বাচিত হতে পারেননি, তাদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
চূড়ান্ত ফলাফল প্রকাশের পর অনেক নির্বাচিত প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস এবং আনিসুজ্জামান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ এসএম রাজু আহমেদ, মোঃ আমিনুর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

