
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে জীবিত হরিণসহ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন চুনকুড়ি টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, বনপ্রহরী ওবাইদুল্লাহ, সিপিজি সদস্য আব্দুল ফরিদ ও সিরাজুল ইসলাম এবং ভিটিআরটি সদস্য নূরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ নভেম্বর) বেলা ১টার দিকে সুন্দরবনের বাগ্দিখালি নামক স্থানে অভিযান চালিয়ে একটি জীবিত হরিণসহ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করতে সক্ষম হন।
এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। পরে বন বিভাগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করে।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “তদন্তপূর্বক হরিণ শিকারিদের চিহ্নিত করে বন আইনে মামলা দেওয়া হবে।”
এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, চুনকুড়ি টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
