
আব্দুর রাজজাক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সেটআপ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. নুরুন্নবী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সেটআপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেটআপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু. মুহতাসিম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি মুহা আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল ইসলামসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সেটআপ অনুষ্ঠানে সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মেহেদী হাসান এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সেক্রেটারি হিসেবে মনোনীত হন মো. নুরুন্নবী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,
“নেতৃত্ব মানে শুধু পদ-পদবি নয়; বরং ত্যাগ, দায়িত্বশীলতা ও নৈতিক দৃঢ়তার সমন্বয়। নতুন নেতৃত্বকে আদর্শিক ধারা সুসংহত রেখে শিক্ষাঙ্গনে ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও সহিংসতার বিরুদ্ধে আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির বিকল্প নেই। এজন্য দাওয়াহ কার্যক্রম, শিক্ষা সহায়তা, মানবিক উদ্যোগ ও গবেষণামূলক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে প্রযুক্তিনির্ভর সাংগঠনিক ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাতির কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“নৈতিকতা ও জ্ঞানের সমন্বয়ে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
বিদায়ী সভাপতি মুহা আল মামুন আবেগঘন বক্তব্যে বলেন,
“এই সংগঠন আমাকে আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা দিয়েছে। নেতৃত্ব একটি আমানত—এটি ব্যক্তির নয়, আদর্শের।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেটআপ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

