
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন- পুলিশ সদস্য মোস্তাইন বিল্লাহ এবং নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন। নাজমুল ইসলাম পুলিশ লাইন্সের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে জেলা পুলিশের একটি সুত্র জানায়, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলে অভিযোগ ছিল।সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের কথা উঠে আসে।
। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর আজ সোমবার বিকালে বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাঁদের আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে বলে তিনি শুনেছেন । তবে এ ঘটনায় তিনি এখনও পর্যান্ত কোন এজাহার পাননি ।
এদিকে নাম না জানানোর শর্তে জেলা পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা বলেন, মাদক সহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে । তাদের বিরদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।

