
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসী খাবার সংরক্ষণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে পরিচালিত এই তদারকি অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার পলাশপোল এলাকার ‘পানসী রেস্তোরাঁ’-তে ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা, বাসি খাবার সংরক্ষণ এবং কর্মীদের হেডনেট ব্যবহার না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মুনজিতপুর এলাকার ‘হোটেল রাজ’-এ অভিযান চালিয়ে বাসি গ্রিল ও অপরিচ্ছন্ন ফ্রিজ রাখা, খাবারে তেলাপোকা পাওয়া, দই-ফিরনিতে লেবেল না থাকা এবং হেডনেট ব্যবহার না করার অপরাধে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া লাবনী মোড়ের ‘সোনারগাঁও রেস্তোরাঁ’-তে নিষিদ্ধ কেওড়া জল (যা কিডনি ডায়ালাইসিস সংক্রান্ত ক্ষতিকর রাসায়নিক) ব্যবহার, ঝুল পরিষ্কার না রাখা এবং দই-ফিরনিতে লেবেল না দেওয়ায় ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে এলাকার কয়েকটি ফিলিং স্টেশনও তদারকি করা হয়। ৩টি রেস্তোরাঁ থেকে সংগৃহীত জরিমানার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬০,০০০ (ষাট হাজার) টাকা।
এ বিষয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় জনস্বার্থে এ তদারকি চালানো হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ষ দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরার নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল উপস্থিত থেকে সহায়তা করেন। নিরাপত্তার দায়িত্বে ছিল সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকশ টিম।

