বিশেষ প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর হাসপাতাল সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং এবং রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট গড়ে ওঠার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল সড়কের দুই পাশে অবাধে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও অন্যান্য যানবাহন পার্কিং করা হচ্ছে। একই সঙ্গে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান বসানো হয়েছে। ফলে যান চলাচলের জন্য রাস্তার কার্যকর অংশ সংকুচিত হয়ে পড়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন জানান, যানজটের কারণে জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। অনেক সময় অ্যাম্বুলেন্সকেও যানজটের মধ্যে আটকে থাকতে দেখা যায়। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের একাংশ বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়মিত তদারকি এবং অবৈধ দখল
উচ্ছেদ না করায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে।
এ বিষয়ে সচেতন নাগরিকরা হাসপাতাল সড়ককে দখলমুক্ত রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা ।

Leave a Reply
You must be logged in to post a comment.