
মোঃ ইকবাল হোসেন ,সাতক্ষীরার বল্লীতে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর তৃতীয় ম্যাচে রায়পুর যুব সংঘকে ২–০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ।
বল্লী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে মানব সেবা ফাউন্ডেশন। দলের হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান হাসানুর। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মিজানুর রহমান পিকুল। এ সময় উপস্থিত ছিলেন আতিকুর রহমান, বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ক্রীড়া সংগঠক ও ছাত্রনেতা রাশেদ রেজা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য খালিদ বিন ওয়ালিদ এবং সাবেক ইউপি সদস্য চারু সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যাচটি পরিচালনা করেন রেফারি শরিফুল ইসলাম। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন কামরুজ্জামান ও শওকত হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের প্রাণবন্ত সমর্থনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।

