
পাইকগাছা প্রতিবেদক:খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছায় মিষ্টি ও বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য টেকসই ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জনগণের পানির কষ্ট লাঘবে খুব দ্রুতই এসব প্রকল্পের কাজ শুরু করা হবে। ৩ মে রবিবার সকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য লস্কর ইউনিয়নের গাবতলা খাল অবমুক্তকরণ ও পুনঃখনন কাজের অগ্রগতি এবং আলমতলা মিষ্টি পানি পুকুরের ঘাট নির্মাণ পরিকল্পনার স্থানটি ঘুরে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং পানির আধারগুলো রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা আমীর মাও. সাইদুর রহমান, লস্কর ইউনিয়ন আমীর মাও. মোজাফফর হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে এমপি আবুল কালাম আজাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, পরিকল্পিত খাল খনন ও পুকুর সংস্কারের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের মিষ্টি পানির সংকট নিরসনে আমরা দ্রুত কার্যকর সমাধানে পৌঁছাতে পারবো।”

