
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে পাউবোর বাঁধ রক্ষার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
১৬ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃ খনন করা হয়। নদীর স্রোতের তোড়ে বাজার সংলগ্ন বাঁধে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গন এতটা ব্যাপক হতে শুরু করেছে যে, বাজারের অসংখ্য দোকান, ঘরবাড়ি, অফিস, বিল্ডিং হুমকীর মুখে পড়েছে। এলাকার বৃহত্তম ও গুরুত্ববহ গোয়ালডাঙ্গা বাজার নিত্যপণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় মালামালের দোকান রয়েছে বাজারটিতে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাজারের দোকানপাট খোলা থাকে এবং স্থানীয় ও বহিরাগত ক্রেতা সাধারণ তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন। বাজারের গুরুত্ব ও নদী ভাঙ্গনের তীব্রতা উপলব্ধি করে পানি উন্নয়ন বোর্ড বাজার ও এলাকা রক্ষা কল্পে বাধের কাজে হাত দেন। ঠিকাদারী প্রতিষ্ঠান খুলনার আমিন এন্ড কোং বাঁধের কাজ করছে। পাইলিং করে পাইলিং এর ভেতরে বালি ভর্তি জিও বস্তা ডাম্পিং করার কথা থাকলেও কিছু পাইলিং এর কাজ করার পরে পাইলিং ছাড়াই জিও বস্তা ডাম্পিং করা হচ্ছে।
পাইলিং ছাড়া প্রায় ১০০-১৫০ ফুট এলাকায় ইতিমধ্যে জিও বস্তা ফেলানো হয়েছে। স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী শরিফুজ্জামান মুকুল শিকারী, রাজনীতিবীদ ও ব্যবসায়ী বকুল শিকারী, সাংবাদিক ও ব্যবসায়ী শরিফুল ইসলাম শরীফসহ আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম ঘটনাস্থানে খোজ খবর নিতে গিয়ে অনিয়ম দেখতে পান। বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো’র এসডিই এর সাথে কথা বলেন। কাজে সাইটে দায়িত্বে থাকা মোঃ ঈসার সাথে মোবাইলে কথা বললে তিনি পাইলিং এর ভিতরে কাজ করতে হবে বলে স্বীকার করেন। পাইলিং ছাড়া কাজ করা হচ্ছে কেন প্রশ্ন করা হলে তিনি আমতা আমতা করে ‘আমি বাইরে আছি, দেখছি’ বলে এড়িয়ে যান।
এব্যাপারে বক্তব্য নিতে ঠিকাদারের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।এসডিই রাশিদুল ইসলাম জানান, আমি তাদের কাজ দেখিয়ে দিয়ে এসেছি। পাইলিং এর ভেতরে কাজ করতে হবে। না করলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, আপাতত কাজ বন্ধ থাক। আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেব।উপস্থিত নের্তৃবৃন্দ ইউএনও মহোদয়ের কথামত কাজ বন্ধ করে দেন। কাজে থাকা শ্রমিকদের পাইলিং এর বাইরে কাজ না করতে তারা সতর্ক করে দেন।

