
শেখ আব্দুল হাকিম/এস কে সিরাজ/জি,এম নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে টানা ৫ দিনের কর্মসূচির শেষ দিনে শ্যামনগর উপজেলার চৌরাস্ত্রার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল দশটায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলা সদরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক ও জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, গাবুরা ইউনিয়নের জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী মাওলানা এসহাক আলী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলম, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি এম আবিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আশা জামায়াত ইসলামী ও বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায়ে আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে সুন্দরবনে গিয়ে জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান তারা। একই সঙ্গে বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আশা জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করে নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপস্থিত ব্যক্তিবর্গরা সালাউদ্দিন লিটনের নেতৃত্বে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।

