
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৫ ও ৬ নভেম্বর মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়। বিজিবির তথ্য অনুযায়ী, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি ও বরালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করেন।
ভোমরা বিওপির সদস্যরা মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন উদ্ধার করেন। অন্যদিকে, বৈকারী বিওপির সদস্যরা বৈকারীপাড়া মোড় এলাকা থেকে একজনকে আটক করেন। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল ও একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেরাগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

