সাগরদাঁড়ীতে মেলা নিয়ে হতাশা, এবারও হচ্ছে না সপ্তাহব্যাপী মধুমেলা

#২৫ জানুয়ারি একদিনের আয়োজনে সীমাবদ্ধ থাকবে মহাকবির জন্মজয়ন্তী

শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, মহাকাব্য ও বাংলা সনেটের অন্যতম পথিকৃৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে এবারও অনুষ্ঠিত হচ্ছে না ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী মধুমেলা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এ বছর সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর পরিবর্তে আগামী ২৫ জানুয়ারি একদিনের কর্মসূচির মধ্য দিয়ে মহাকবির জন্মজয়ন্তী উদযাপন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি মহাকবির জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া কেক কাটা এবং মধুমঞ্চে মহাকবির জীবন ও সাহিত্যকর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘অমিত্রাক্ষর’ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরবর্তী সময়ে সুবিধাজনক পরিবেশ ও সময়ে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী মধুমেলার আয়োজনের আহ্বান জানিয়েছেন সভায় উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তাঁদের মতে, মধুমেলা কেবল একটি জন্মবার্ষিকীর আয়োজন নয়, এটি সাগরদাঁড়ীর ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনশিল্পের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই যথাযথ পরিবেশ নিশ্চিত করে ঐতিহ্যবাহী এ মেলার ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রাজনারায়ণ দত্ত এবং মা জাহ্নবী দেবী। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহিত্যপ্রতিভার অধিকারী। কলকাতার হিন্দু কলেজে অধ্যয়নকালে পাশ্চাত্য সাহিত্য, ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর আকর্ষণ তৈরি হয়।

পরবর্তীকালে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করে ‘মাইকেল’ নাম ধারণ করেন এবং সাহিত্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীতে প্রতিবছর তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী মধুমেলার আয়োজন করা হয়ে থাকে।

এ মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী, সাহিত্যপ্রেমী, পর্যটক ও সংস্কৃতিপ্রেমী মানুষের সমাগম ঘটে। মেলায় লোকজ সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য, বিভিন্ন পণ্যের সমাহার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মধুমেলা শুধু একটি উৎসব নয়, এটি মহাকবির স্মৃতিকে ধারণ করার পাশাপাশি সাগরদাঁড়ির ঐতিহাসিক পরিচিতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

তাই এ বছরও সপ্তাহব্যাপী মেলার আয়োজন না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে যথাযথ আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পাবে মহাকবির স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী মধুমেলা।

Recomended