
মো. ইকবাল হোসেন: সাতক্ষীরার কুশখালী ইউনিয়নের ভাদড়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুকুন্দপুর ইমার্জিং ক্লাবকে ১–০ গোলে হারিয়েছে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বিকেল চারটায় ২ নম্বর কুশখালী ইউনিয়নের ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দল দুটির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব। গোল শোধ করতে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব বেশ কয়েকটি আক্রমণ চালালেও ভাদড়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তা সফল হয়নি।দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করে দুই দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব। খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচ দেখতে মাঠে জড়ো হন এলাকার বিভিন্ন বয়সী দর্শক।

