
অনলাইন ডেস্ক: সভায় আলোচনা শেষে তারা ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা বাকি বিভাগগুলোতে করা হবে বলে জানানো হয়।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে মহান শ্রমিক দিবসে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।
বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় ঈদ পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন -১১ বছর ধরে নতুন পে স্কেল না দেওয়ায় কর্মচারীরা ঋণে জর্জরিত, তাদের জীবন চালানো এখন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, গত ১১ বছরের মূল্য স্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির কোন সমন্বয় না থাকায় কর্মচারীরা এখন ক্ষুধার জ্বালায় জর্জরিত, তাদের কে রাতের আঁধারে রিকশা চালাতে হচ্ছে!! তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার ও বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে প্রতারণা করেছেন! আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে এখন দ্রুত পে-স্কেল বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
সভায় আলোচনা শেষে তারা ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা বাকি বিভাগগুলোতে করা হবে বলে জানানো হয়। একই সময়ে যে সব এমপি ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়নি তাদের কাছে স্মারকলিপি দেয়া হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে।
পহেলা মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র্যালি করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কর্মচারী সমাবেশ করা হবে। এর মধ্যেও পে স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে সেই সমাবেশ থেকে ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

