
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পাশাপাশি নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করতে হবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শংকার কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতারুজ্জামান পল্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

