
মো. মোকাররাম বিল্লাহ ইমন: সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নাগরিকদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় একটি ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র উদ্যোগে আজ শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সচেতনতামূলক পোস্টার ও লিফলেট টানানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার
সকাল ১০:০০ টায় শুরু হয়ে দুপুর ২:০০ টা পর্যন্ত প্রায় অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি চলে। ক্যাম্পেইন চলাকালীন পার্ক ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, গুজব প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা, সামাজিক দায়িত্ববোধ, শহীদ মিনারের মর্যাদা রক্ষা এবং নাগরিক সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তাসমৃদ্ধ আকর্ষণীয় পোস্টার প্রদর্শন ও স্থাপন করা হয়। একই সাথে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা সংগঠনের এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদ (এসসি), সাতক্ষীরা জেলার প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী (এসসি)ও তরুণ-তরুণীরা।

