
আইয়ুব আলী:শ্যামনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন শিক্ষার্থীকে উঠিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানো হচ্ছিল। এ সময় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়ামিম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন আচরণে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলেও তারা মন্তব্য করেন।
তবে স্কুলের প্রধান শিক্ষক হেলান উদ্দিন বলেন, বাচ্চার চিকিৎসা চলছে। হাসপাতালে দেখতে গিয়েছিলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক জানান, আমি বিষয় টা যেনেছি। নিজে হাসপাতালে যেয়ে বাচ্চাকে দেখে এসেছি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনকে সরজমিনে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলে দিয়েছি। ঘটনার সত্যতা প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

