বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ‘‘তথ্য সন্ত্রাসী” কার্যক্রম শুরু

0
8

বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ‘‘তথ্য সন্ত্রাসী” কার্যক্রম শুরু হয়েছে। ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনে ভয়াবহ শিকার হচ্ছে বাংলাদেশ। কোন কিছুই যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন সংবাদ পরিবেশনের অসুস্থ্য প্রতিযোগিতা দেখা যাচ্ছে। বিশেষ করে কিছু বিদেশী মিডিয়ায় সরেজমিন তথ্য সংগ্রহ না করে স্যোশাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে গুজব নির্ভর একপেশী সাংবাদিকতা করা হচ্ছে। পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে প্রতিটি ঘটনার সত্যতা উন্মোচিত হচ্ছে। বিবিসি, ডয়েচে ভেলের মতো প্রতিষ্ঠানগুলো সরেজমিনে সংবাদ পরিবেশন করে ঘটনার সঠিক তথ্য উপস্থাপন করছে। তাদেরকে অনুসরণ না করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য স্যোশাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের নামে অসংখ্য আইডি এবং পেইজ খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাদের তথ্যের একমাত্র সোর্স ফ্যাসিবাদী গোষ্ঠী।

রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা, গুজব এবং মনস্তাত্ত্বিক আক্রমণ চালিয়েও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়। আধুনিক বিশ্বে এই কৌশল পরিচিত ‘ইনফরমেশন ওয়ারফেয়ার” বা তথ্যযুদ্ধ নামে। ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশ থেকে লুটপাট করে বিদেশে বসে রাষ্ট্রের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমেছে। এসব রাষ্ট্রবিরোধী চক্রকে সহযোগিতা করে যাচ্ছে তথাকথিত পেইড সাংবাদিকরা।

বর্তমানে আমরা তথ্যযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশেষ করে ভারতে পলাতক দন্ডপ্রাপ্ত ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন অপতথ্য, অতিরঞ্জিত সংবাদ, পুরোনো ভিডিওর নতুন ব্যাখ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম অনেক সময় উত্তেজনাপূর্ণ ও আবেগনির্ভর কনটেন্ট দ্রুত ছড়িয়ে দেয়। ফলে একটি মিথ্যা খবর সত্য প্রতিষ্ঠিত হওয়ার আগেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফ্যাক্ট চেকিংয়ে ঘটনার সত্যতা জানার আগ্রহ কিন্তু মানুষের কম থাকে। কারণ যারা গুজব দেখে উত্তেজিত হয়, তাদের কাছে সঠিক তথ্য পৌঁছায় না। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার চালানো অত্যন্ত বিপজ্জনক।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মানুষের মধ্যে রয়েছে গভীর সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ। আমরা ভারতীয় জনগণের সঙ্গে নিবিড় বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে নায্যতা, আস্থা ও পারস্পরিক সমতা ও সম্মান। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত ভিত্তিক কিছু সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিয়ে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ক্ষেত্রে পুরোনো ছবি ও ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কোথাও বিচ্ছিন্ন ঘটনাকে জাতীয় পরিস্থিতির প্রতিচ্ছবি হিসেবে দেখানো হচ্ছে। আবার কোথাও যাচাই না করা অভিযোগ, অতিরঞ্জিত বক্তব্য কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা ছড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরির চেষ্টা দেখা যাচ্ছে।

কোনো প্রকৃত ঘটনা ঘটলে তার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচার অবশ্যই নিশ্চিত করার দায়িত্ব আমাদের সরকারের। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে নূন্যতম কোন গাফিলতি নেই। কিন্তু পলাতক দন্ডপ্রাপ্ত দেশবিরোধী চক্রের বক্তব্য বা তথ্যকে যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশন করা কখনোই সাংবাদিকতা হতে পারে না। এটি পেইড কনটেন্ট এর মতো সাংবাদিকতার নাজুক পরিস্থিতি ফুটে উঠছে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য, বিকৃত ছবি কিংবা সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অপতথ্যের জবাব দিতে গিয়ে আমাদের সকলকে আরো দায়িত্বশীল থাকতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরি হলে তার জবাব দিতে হবে সত্য দিয়ে, অপপ্রচারের জবাব দিতে হবে তথ্য দিয়ে এবং বিভ্রান্তির জবাব দিতে হবে যুক্তি ও প্রমাণ দিয়ে। কারণ বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার লড়াই কোনো রাজনৈতিক দলের একার দায়িত্ব নয়। এটি রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং প্রতিটি সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পরিকল্পিতভাবে অপপ্রচার চালায়, তার প্রতিবাদ করা বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যৌক্তিক অধিকার।