
মেহেদী হাসান: খুলনা মহানগরের লবণচরা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেএমপির লবণচরা থানার রায়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, সারা দেশে নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের গ্রেফতারে র্যাব ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারিপাড়া এলাকার মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)।
র্যাবের দাবি, অভিযান চলাকালে গ্রেফতার হওয়া নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অপরাধসংক্রান্ত তথ্য (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা সম্পন্ন হলে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাদেরকে লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

