কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে হেফজ বিভাগের শিক্ষক রাকিবুল ইসলামের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযুক্তকে রক্ষার চেষ্টা ও ভুক্তভোগীর পরিবারকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন শিশুটির বাবা।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহীউসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালিকাপুর গ্রামের ভুক্তভোগী শিক্ষার্থীর পিতার অভিযোগ, মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে চার-পাঁচজন কোমলমতি শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের জানা থাকলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার পরিবারের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক মৌতলা গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাকিবুল ইসলাম। প্রথম দিকে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের বাইরে পাঠিয়ে ওই শিশুকে দিয়ে নিজের গোপনাঙ্গে তেল মালিশ করিয়ে নিতেন তিনি। পরে গত ১০ নভেম্বর বিকেলে অন্য শিক্ষার্থীদের বাইরে পাঠিয়ে মাদ্রাসার সিঁড়ির পাশের একটি নির্জন কক্ষে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ করেন।

এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। তবে সহপাঠীদের মধ্যে ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ২০ নভেম্বর বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে সবকিছু খুলে বলে সে।

শিশুটির ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক তাকে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখান। এমনকি মাদ্রাসায় আটকে রেখে বাইরে যেতে না দেওয়া এবং অন্য শিক্ষার্থীদের দিয়ে পাহারা দেওয়ার অভিযোগও করেছে শিশুটি।

ভুক্তভোগীর পিতা জানান, ছেলের কাছ থেকে ঘটনা শোনার পর তিনি মাদ্রাসায় গিয়ে মুহতামিম (প্রধান শিক্ষক) ইউনুস আলী ও সভাপতি মাসুদ রেজাকে বিষয়টি অবহিত করেন। তাঁর অভিযোগ, বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করা হয়। পরে মাদ্রাসার মুহতামিম ও সভাপতি তাঁকে সঙ্গে নিয়ে থানায় যান। সেখানে দলীয় প্রভাব খাটিয়ে ও চাপ সৃষ্টি করে অভিযুক্ত শিক্ষককে রক্ষার উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে একটি এবং তাঁকে দিয়ে পৃথক আরেকটি অভিযোগ লিখিয়ে থানার ডিউটি অফিসারের কাছে জমা দেওয়া হয়।

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম ইউনুস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি জানান, মাদ্রাসার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। পরে সংবাদটি পত্রিকায় প্রকাশ না করার জন্য অনুরোধ করেন তিনি। এ সময় তাঁর কাছে বিষয়টি নিয়ে আরও জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মাদ্রাসার সভাপতি মাসুদ রেজার কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে মাদ্রাসার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে, মাদ্রাসার অভ্যন্তরে শিশুটিকে কীভাবে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় নেওয়া হয় এবং ঘটনার সময় কী ঘটেছিল, সে বিষয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে প্রতিবেদককে জানানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শিশু শিক্ষার্থীর সঙ্গে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Recomended