
অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি ইরানের অবশিষ্ট অংশকে শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে এ বিষয়ে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কিছু ‘নিষ্ক্রিয়’ মিত্রদেরও সমালোচনা করেন।
বুধবার (১৮ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা যদি ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের অবশিষ্ট অংশকে শেষ করে দিই এবং যারা এই প্রণালি ব্যবহার করে অথচ আমরা করি না, তাদের ওপর এর দায় দিই—তাহলে আমাদের কিছু তথাকথিত মিত্র দ্রুত নড়েচড়ে বসবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে হতাহত ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে প্রভাব পড়েছে।
এদিকে গত ১ মার্চ থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি চীনকেও এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালু করতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

