আটবারের বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি মোজাম্মেল হক

#পেশাদারত্ব, সততা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য স্বীকৃতি

 

বান্দরবন প্রতিনিধি: পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য অবদান রেখে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক। এ নিয়ে আটবার জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। তাঁর এই অর্জন পেশাগত নিষ্ঠা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। সভা শেষে পুলিশ সুপারের হাত থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন মো. মোজাম্মেল হক।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অক্টোবর মাসের পেশাগত কর্মকাণ্ডের মূল্যায়নে দক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও আস্থার বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে।

সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব। সীমান্তকেন্দ্রিক অপরাধ, মাদক চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নাইক্ষ্যংছড়ি থানার ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।

এমন একটি সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি আটবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া মো. মোজাম্মেল হকের কর্মজীবনে নিঃসন্দেহে উল্লেখযোগ্য অর্জন। এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ের গুরুত্বকেও সামনে নিয়ে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব, জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে ধারাবাহিক নিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্যের মাপকাঠি। মো. মোজাম্মেল হকের আটবারের এই স্বীকৃতি সেই প্রত্যাশারই একটি ইতিবাচক দৃষ্টান্ত।

Recomended