Tag: সাতক্ষীরা
-

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
অদ্য ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে জার্মানি সমর্থক দল ব্রাজিল সমর্থক দলকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুলিশ সুপার মহোদয় বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, মানসিক উৎকর্ষ এবং পেশাগত দক্ষতা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), সাতক্ষীরা, জনাব এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মোঃ আমিনুর রহমান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। -

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে শহরের তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে টাটকা সবজি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে সাতক্ষীরা জেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই সবজি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবজি বিতরণ অনুষ্ঠানে জেলা, পৌর ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন— জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, এবং সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন এবং সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসিম কুমার মন্ডল।
অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব জে.এম দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সাধারণ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপির এই মানবিক সহায়তা। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
-
৩ কোটি টাকার গাছ মাত্র ৬০ লাখ টাকায় বিক্রি
আহাদুর রহমান (জনি): সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন গাছ বিক্রীর টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। গাছের মূল্য কম দেখিয়ে, টেন্ডার আটকে ও রেট ফাঁস করে একটি প্রভাবশালী সিন্ডিকেট সোয়া ৩ কোটি টাকার গাছ মাত্র ৬০লাখ টাকায় ক্রয় করেছে।
সাতক্ষীরা জেলা পরিষদের তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি দানবীয় আকারের গাছ বিক্রির জন্য টেন্ডার আহ্বান করলে সাতটি প্যাকেজে ৩৬টি ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে ২০৪টি দরপত্র বিক্রি করে। প্রথম দফায় সবকটি প্যাকেজে মোট ১৪টি দরপত্র জমা পড়ে। জেলা পরিষদ স‚ত্রে জানা গেছে, সাতটি প্যাকেজের মোট টেন্ডার ম‚ল্য ৫৯ লাখ ৩১ হাজার ৯৪৫ টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে সাতটি প্যাকেজের গাছ টেন্ডার মূল্য থেকে ৩০ হাজার বেশি দেখিয়ে বিক্রির টেন্ডার পায় সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের মেহের আলী মোড়লের ছেলে আবুল হাসেম।
সরজমিনে পরিদর্শনে যা দেখা যায়:
তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের গাছগুলো ২৪-২৬ বছরের পুরনো। টেন্ডারে উল্লেখিত ৯৫৪টি গাছের মধ্যে ৩১৮টি মেহগনি ও রোড শিরিষ গাছ আছে। বাকি ৬৩৬টি গাছই শিশু বা রেইনট্রি গাছ। যার মধ্যে ৫০ শতাংশ গাছই দানবাকৃতির। এই গাছ গুলো মধ্যে ৬০টিরও বেশি গাছ আছে যে গুলোর বাজার মূল্য ১লাখ থেকে ১লাখ ৬০ হাজার টাকা। ৫৭৬টি গাছে মধ্যে অর্ধ শতাধিক গাছ মৃত। বাকি ৫০০টি গাছের মধ্যে আরও ৫০টি ছোট গাছ। এর মধ্যে ৪৫০টি গাছ দানবাকৃতির না হলেও বৃহদাকৃতির। যার প্রত্যেকটির মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সে অনুযায়ী এই ৯৫৪টি গাছের দাম প্রায় সোয় ৩ কোটি টাকা। এ মূল্য সাতনদী থেকে একাধীক গাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গাছের এ দাম নিশ্চিত হওয়া যায়। একটি এনজিও পরিচালকও যা নিশ্চিত করেছেন।গাছগুলোর আছে মালিকানা:

জেলা পরিষদের গাছ নিলাম বিক্রয়ের টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর দিশারী এনজিও’র প্যাডে শেখ আহছাফুর রহমানের স্বাক্ষরিত একটি পত্রে গাছ গুলোর মালিকানা দাবি করে টেন্ডার মূল্যের ৬০ ভাগ অর্থ দাবী করা হয়। ওই পত্রে আরও উল্লেখ করা হয় যে, ২০ বছর পূর্বে এনজিওটি গাছ গুলো লাগিয়েছিলো। কিন্তু তাদের দাবির স্বপক্ষে কোন চুক্তিপত্র বা অনুমোদন দেখাতে না পারার কারণে সাতক্ষীরা জেলা পরিষদ আবেদনটি নাকচ করে দেয়। তবে এই দাবীর পত্রে একাধীক রাজনৈতিক ব্যক্তিত্বের সিল ও সই দেখতে পাওয়া যায়।
এ নিয়ে সাতনদী’র অনুসন্ধানে স্থানীয় একটি সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৎকালীন তালা উপজেলার শিরাশুনিতে অবস্থিত ‘সেতু বাংলাদেশ’ নামক এনজিও কর্তৃক গাছ গুলো লাগানো হয়। ‘সেতু বাংলাদেশ’ এর পরিচালক এস এম আবুল হোসেনের গাছের রোপন ও মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি সাতনদীকে বিস্তারিত তথ্য দেন। মি. হোসেন বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে গাছ গুলো আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত ছিল। তবে গাছ গুলো যে নিলাম হয়েছে যা তিনি জানতেন না।
মি. হোসেন সাতনদীকে আরও জানান জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের একটি এনজিও’র মাধ্যমে অনুমতি ও অনুমোদন সহ যাবতীয় আইনী প্রক্রীয়া সম্পন্ন করে গাছ গুলো লাগান। ওই গাছ গুলোর প্রকৃত মালিক তিনি। কারণ ওই সময়ে গাছ গুলো লাগানোর জন্য তিনি আমার সহায়তা চান। আমি এ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তখন তিনি আমাকে তার সকল বৈধ কাগজপত্র দেখান। তবে তিনি মারা যাওয়ায় তার এনজিওর কার্যক্রম চলমান আছে কিনা তা আমার জানা নাই। অনেক বছর পূর্বের ঘটনা এনজিওটির নামও আমি মনে করতে পারছিনা। মশিউর রহমানের বাড়ি যশোর জেলায়। এনজিওটির পরিচালক আরও জানান, আমরা গাছ নিয়ে কাজ করি। ওই সড়কের গাছগুলোর দাম কমপক্ষে ২ কোটি টাকা।যা বললেন মূল্য নির্ধারনকারী ফরেস্টার:

তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের বৃক্ষের মূল্য নির্ধারনকারী তালা উপজেলা ফরেস্টার ইউনুস আলী সাতনদীকে জানান, ইউনুস আলীর আগের অফিসার এ বিষয়ে বিস্তারিত কাজ করেছেন। তার অসমাপ্ত কাজগুলো শেষ করেন তিনি। এ ক্ষেত্রে সকল রেইনট্রি বা শিশু গাছের সরকারি রেট হলো সেফটি বা ঘনফুট ৩৪০টাকা এবং মেহগনি ৩৬০টাকা করে। এ হিসেবে ৯৫৪টি গাছের দর নির্ধারন করা হয় ৫৯ লাখ ৩১ হাজার ৯৪৫ টাকা। এর সাথে ভ্যাট ও ইনকাম ট্যাক্স যোগ হবে। এই রেট কম কিনা এ প্রশ্নের জবাবে মি. ইউনুস সাতনদীকে জানান, সরকার নির্ধারিত গাছের ঘনফুটের মূল্য এটি। এ ছাড়া গাছের গুড়িই মোটা বাকি অংশের দামতো আরও কম।কীভাবে হল এমন কারসাজি:

মূলত ফরেস্টারদের কারসাজিতেই এমন অবস্থা হয় সব ধরনের গাছের টেন্ডারের। সরকারি গাছের মূল্য নির্ধারনে কারসাজি করেন ফরেস্টাররা। এ সুযোগকেই পুঁজি করে এত কম দামে টেন্ডার ইস্যু করা হয়। ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ সরকার।অভিযোগ আছে টেন্ডারবাজির:
অন্যদিকে সাতক্ষীরা জেলা পরিষদের তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি দানবীয় আকারের গাছ বিক্রির জন্য টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে আরও একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। জেলা পরিষদের কিছু সদস্যদের প্রভাব খাটানোর অভিযোগ আছে। প্রভাবশালী ওই নেতাদের ইন্ধনে জেলার কিছু নেতা-কর্মীদের জড়ো করা হয় জেলা পরিষদ চত্ত¡রে। এসময় অন্যান্য ঠিকাদারদের টেন্ডার ড্রপে বাধা প্রদান করে তারা। সে জন্য ওই নেতা-কর্মীদের ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তারা বাঁধার মুখে টেন্ডার ড্রপ করতে পারেনি।
প্রশ্নবিদ্ধ এ টেন্ডার প্রক্রিয়া সাতটি লটে ৩৬টি ব্যক্তি প্রতিষ্ঠান মোট ২০৪টি টেন্ডার ক্রয় করলেও ১৪টি টেন্ডার জমা পড়ে। যার মধ্যে ৭টি লটের ৭টিই পেয়ে যান পলাশপোলের আবুল হাসেম। অভিযোগ আছে যে ১৪টি টেন্ডার জমা পড়েছে তার সবকটিই হাসেমের জমাকৃত। টেন্ডার নিশ্চিতে প্রভাবশালী চক্রটি এসব টেন্ডারের রেট ফাঁসও করে।যা বললেন আবুল হাসেম:
আবুল হাসেমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কোন রকম প্রভাব খাটানো হয়নি। আমিও কাউকে ১২ লাখ টাকাও দেই নি। এই গাছ গুলো কিনে বরং আমার লস হয়েছে। -
মেডিকেল কলেজের অনাকাঙ্খিত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের জবানবন্দী
পেশাগত দায়িত্ব পালনের জন্য শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়েছিল। সাথে ছিল আমার ক্যামেরা পার্সন মামুন রেজা। মুষলধারে বৃষ্টির মধ্যে আর টিভির দুপুরের সংবাদে লাইভ দিলাম। বাড়ি ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু বৃষ্টি থামে না। মেডিকেল কলেজ চত্ত¡রে পানি জমে গেছে। এমনই সময় এক কিশোরী শ্বাসকষ্ট নিয়ে ইজিবাইক থেকে নামলো। সাথে ছিলো তার মা ও বাবা। কিশোরীর দুই হাত ধরে তার মা-বাবা এগিয়ে যাচ্ছিল জরুরি বিভাগের দিকে। মামুন ভিডিও চিত্র ধারণ করতে থাকলো। আমিও এগিয়ে গেলাম জরুরি বিভাগের সামনে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই কিশোরীর কাছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলো। আমার সম্পাদনায় অনলাইন নিউজ পোর্টাল সংকল্প ডটকম পরিচালিত হয়। মামুন সংকল্প ডটকমে লাইভ সম্প্রচার শুরু করলো। আমাকে লাইভে সংযুক্ত হওয়ার ঘোষণা দিলে, আমি মাইক্রোফোন হাতে নিয়ে সম্প্রচার শুরু করলাম। উদ্দেশ্য ছিল মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। আর স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনাই সংক্রমিত হলে ওই কিশোরীর মত শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু বিধিবাম। জরুরি বিভাগের কর্তব্যরত দুই চিকিৎসক ও এক ইন্টার্নি চিকিৎসক আমার পেশাগত দায়িত্ব পালনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করলেন। লাইভ সম্প্রচারে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়লাম। হাজার হাজার দর্শক দেখল। কিছুটা ভগ্ন মনে হাসপাতাল ত্যাগ করলাম। প্রেসক্লাবের সভাপতি আমার সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ কয়েকজন সহকর্মী কে বিষয়টি জানালাম। ওই দিন প্রেসক্লাবে বসে মধ্যাহ্নভোজন সারলাম। সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য হাফিজুর রহমান মাসুম কে ঘটনাটি জানালাম। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত-ই-খুদা কে ফোন করে নালিশ জানালাম। তিনি অবশ্য এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন ও পরদিন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করলেন। প্রেসক্লাবের হলরুমে মধ্যাহ্নভোজন শেষে সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি বললেন, এ ঘটনায় প্রেসক্লাবের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া উচিত।
যাই হোক যাদেরকে ঘটনাটি জানিয়েছিলাম, তাদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি সাতনদী পত্রিকার সম্পাদক আমার বন্ধু হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান সহ অনেকেই তাদের ফেসবুক আইডিতে এ ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছে। সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (একাংশ) পক্ষ থেকে তিন চিকিৎসকের অশোভন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ওইদিন রাতে দেখলাম প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি তার ফেসবুক আইডি থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ বিষয়টি আর চাপা থাকলো না। শনিবার সকাল ১১ টায় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম জরুরী সভা আহ্বান করলেন। ওইদিন দুপুর বারোটার দিকে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা শুরু হলো। প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি এক দু’জনের নাম উল্লেখ করে তাদেরকে সঙ্গে নিয়ে আমাকে মেডিকেল কলেজে যেতে বললেন। কিন্তু আমি কাউকে রাজি করাতে পারলাম না। উভয় সংকটে পড়ে গেলাম। যাদেরকে মেডিকেলে নিয়ে যেতে বলেছে, তাদের যুক্তি মেডিকেল কলেজে যাব কেন? বিষয়টি সমাধানের জন্য প্রেসক্লাব অথবা অন্য কোথাও বসতে পারি। সভা চলমান অবস্থায় মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর কাজী আরিফ আহমেদ ফোন করলেন। তার সাথে মিটিং এর পরে কথা বলব বলেছিলাম। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিটিং শেষ হলো। সভাশেষে ডক্টর কাজী আরিফ আহমেদ সাহেবের সাথে কথা বললাম। তিনি বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দিলেন। কারো কাছে না শুনেই তার প্রস্তাবে রাজি হলাম। কারণ এই মহামারীর মধ্যে আমাদের চিকিৎসক সমাজ জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। আমার সাথে অশোভন আচরণের ইস্যু নিয়ে সহকর্মী সাংবাদিক বন্ধুরা আন্দোলনে জড়িয়ে পড়লে এই মহামারীর মধ্যে সাতক্ষীরার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। অসুস্থ মানুষের প্রতি চিকিৎসকদের সেবা কার্য ব্যাহত হবে। ডাক্তার কাজী আরিফকে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলার পরামর্শ দিলাম। একই সাথে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে তা স্থগিত করার জন্য জোর অনুরোধ করলাম। ডাক্তার কাজী আরিফের প্রস্তাবে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নিল। ওই দিন রাত ৯ টায় সার্কিট হাউসে বসে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ঘটনাটির নিষ্পত্তি হল।
পরিশেষে বলতে চাই, সৃষ্ট ঘটনাকে ঘিরে সাংবাদিকদের বিভাজন আবারো লক্ষ্য করলাম। আমি ও আমরা সংকীর্ণ গ্রুপিং থেকে আজও মুক্ত হতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সাতক্ষীরার সব পক্ষের সাংবাদিকদের নিয়ে বিষয়টির সমাধান হোক। কিন্তু তা হলোনা।
আমরা লক্ষ্য করছি, প্রেসক্লাবের নির্বাচনের শেষে বিজয়ী গ্রুপের সাথে পরাজিত গ্রুপের দূরত্ব সৃষ্টি হয়। বিজয়ী গ্রুপ প্রেসক্লাব পরিচালনা করে। আর পরাজিত গ্রুপ প্রেসক্লাবের কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে রাখেন। দীর্ঘদিনধরে আমরা এমনটাই লক্ষ্য করছি। প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে একগ্রুপ উপস্থিত থাকে, আরেক গ্রুপ থাকে অনুপস্থিত। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এটা পছন্দ করি না।
আসুন আমরা অতীতের ভেদাভেদ ভুলে পেশাদারিত্বের স্বার্থে সাংবাদিকরা এক প্লাটফর্মে অবস্থান করি। সাধারণ মানুষ সাংবাদিক সমাজের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু আমরা আমরা কি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি? সমাজের কাছে ও আমাদের দায়বদ্ধতা রয়েছে। নির্যাতিত-নিপীড়িত মানুষ আমাদের দিকে চেয়ে থাকে। কিন্তু আমরা সেই মানুষগুলোর চাওয়া-পাওয়া কতটুকু পূরণ করতে পারি?
লেখক: সম্পাদক, সংকল্প নিউজ; নিজস্ব প্রতিনিধি, আরটিভি।