Tag: মাহে রমজান

  • ” জিহাদ ও বিজয়ের মাস-মাহে রমজান ” একটি পর্যালোচনা

    জিহাদ ‘জহদ’ শব্দ থেকে আগত। এর অর্থ-
    * যথাসাধ্য চেষ্টা করা
    * সাধনা করা
    * চুড়ান্ত প্রচেষ্টা চালানো। 
    ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ ইসলামের একটি মৌলিক পরিভাষা। এর অর্থ আল্লাহর দীনের জন্য ছোট থেকে বড় সকল ধরনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আল্লাহর দীনের দাওয়াত সর্বক্ষেত্রে সম্প্রসারিত। জিহাদকে পবিত্র কুরআন এর ভাষায় ‘সর্বোত্তম তিজারত ‘(ব্যবসা) ঘোষণা দেয়া হয়েছে। যেমন বলা হয়েছে,  “হে ঈমানদারগণ!তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলব না? যে ব্যবসা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে।আর তা হলো তোমরা আল্লাহর ও তাঁর রাসুলের উপর ঈমান আনবে এবং আল্লাহর পথে প্রচেষ্টা (লড়াই) করবে তোমাদের সম্পদ এবং জীবন দিয়ে। ইহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো।”(সূরা সফঃআয়াত ১০-১৩)

    জিহাদ ও রমজান ওতপ্রোতভাবে জড়িত। রমজান যেমনি মহাগ্রহ্ন পবিত্র আল কুরআন নাযিলের মাস,তেমনি রমজান বিজয়েরও মাস।ইসলামের প্রচার ও প্রসারের জন্য এ রমজান মাসেই গুরুত্বপূর্ণ জিহাদগুলো সংঘটিত হয়েছে।
    এ মাসে মুসলমানদের যত বিজয় অর্জিত হয়েছে আর কোনো মাসে এককভাবে তা হয়নি।রাসুল সাঃ এর জীবদ্দশাতেই পবিত্র রমজান মাসে ইসলামের  সর্বাধিক গুরুত্বপূর্ণ দু’টি বিজয় অর্জিত হয়।
    * প্রথমটি  বদরের যুদ্ধ
    * দ্বিতীয়টি  মক্কা বিজয়।
      বদরের যুদ্ধ:
    ♦১৭ই রমজান মুসলিম জাতির জীবনে এক স্মরণীয় দিন।কারন এ দিনের ঐতিহাসিক  ও অবিস্মরণীয় ঘটনা মুসলমানদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। এ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে P.K.Hitte বলেন, ” The battle of Badr laid the foundation of Mohammad temporal power Islam had Won its first and decisive military victory. “
      ★ ২য় হিজরির ১৭ই রমজানে ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ বদরের প্রান্তরে অনুষ্ঠিত হয়।এতে স্বল্পসংখ্যক ঈমানদারগণ তুচ্ছ অস্ত্র নিয়ে ত্রিগুণ বাহিনী ও সুবিশাল অস্ত্র সম্ভার সজ্জিত কাফিরদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেন।
    বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ যুদ্ধে ইসলাম ও পৌত্তলিকতার চরম পরীক্ষা হয়ে যায়।অসেত্যর উপর সত্যের জয় হয়।ফলে এটাই প্রতীয়মান হয় যে,ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান।
    বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য চরম এক অগ্নিপরীক্ষা। এটা সকল সময়ের জন্য ইসলামের ভাগ্য নির্ধারন করেছিল। এ প্রসঙ্গে ঐতিহাসিক R.A.Nicholson বলেন, “Badr,like marathon is one of the greatest and most memorable battles in all history. “
    এ যুদ্ধ সম্পর্কে ঐতিহাসিক P.K.Hitte বলেন, “Islam recovered and passed on gradually from the defensive to the offensive.”
    অর্থাৎ, ইসলাম পুনরুজ্জীবন লাভ করল,আত্মরক্ষার পরিবর্তেআক্রমণাত্মক নীতি অবলম্ববন করল।
     মক্কা বিজয়:
    ★ ৮ম হিজরির ২০ রমজান মহানবী সাঃ এর হাত ধরে মক্কা বিজিত হয়।বদর থেকে বিজয়ের যে ধারা শুরু হয় তা মক্কা বিজয় পর্যন্ত অব্যাহত থাকে।এর পর গোটা আরবে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। এবং ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।এ বিজয় সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন, “আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।” (সূরা ফাতহ, আয়াত ঃ ১)
    ♦এছাড়াও মুসলমানদের জাতীয় জীবনে পবিত্র রমজান মাসে আরো অনেক অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়েছে।
    ★১৫ হিজরির ১৩ ই রমজান খলিফা হযরত উমর রাঃ এর সময় আমর বিন আস জেরুজালেম ও মসজিদুল আকসা জয় করেন।
    ★১৫ হিজরির রমজান মাসেই কাদেসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনী পারস্য জয় করেন।
    ★৬৯ হিজরির রমজান মাসেই মুসলিম বীর মুহাম্মদ  বিন কাসিমের নেতৃত্বে অত্যাচারী সিন্ধু রাজা ‘ দাহির ‘ পরাজিত হয়।
    ★৯২ হিজরির রমজান মাসেই তারিক বিন যিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয়।
    ★২১২ হিজরির রমজান মাসেই যিয়াদ বিন আগলাবের নেতৃত্বে ইটালীর সিসিলি দ্বীপ বিজয় হয়।
    ★৫৩২ হিজরির রমজান মাসে এমাদুদ্দীন জঙ্গির নেতৃত্বে মুসলিম বাহিনী উত্তর সিরিয়ার হাবল শহর জয় করেন এবং খ্রিষ্টান ক্রুসেডারকে পরাজিত করেন
    পরিশেষে বলা যায়,পবিত্র রমজান মাস মুসলমানদের জীবনে রহমত, বরকত,মাগফিরাত, নাজাত  ও বিজয়ের বার্তা নিয়ে আসে।
    ( লেখক: মোস্তফা আব্দুল্যাহ আল মামুন, সহঃঅধ্যাপক, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ।)
  • রমজানে আমাদের কর্তব্য

    চলতি বছর মাহে রমজান এমন একসময় এসেছে যখন সারা দুনিয়া করোনাভাইরাস নামের মহামারীতে আক্রান্ত। এ মহামারী ইতিমধ্যে প্রথম মহাযুদ্ধের চেয়েও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে। আরও কত জীবন কেড়ে নেবে সে আশঙ্কায় ভুগছে প্রতিটি মানুষ। করোনার এই দুঃসময়ের মধ্যেও কোটি কোটি মুসলমান রোজা পালন করছেন মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য। আল্লাহর প্রতি আনুগত্যের প্রমাণে মুমিনরা সিয়াম সাধনায় নিয়োজিত থাকছেন।

    রোজা একটি অবশ্যপালনীয় ইবাদত। নামাজের পরই রোজার স্থান। সব নবীর আমলে রোজা পালন করা হতো। দুনিয়ার প্রায় সব ধর্মেই রোজার বিধান রয়েছে। রোজা যে মানবদেহের জন্য কল্যাণকর তা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। রোজার বিধান যে হাজার হাজার বছর ধরে চলে আসছে তা আল কোরআনেও স্পষ্ট করা হয়েছে।

    সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ‘হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল।’

    কোরআনের উপরোক্ত আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন শুধু উম্মতে মুহাম্মদীর জন্য নয়, আদম (আ.) থেকে শুরু করে সব নবীর আমলেই রোজার বিধান ছিল। রোজা এমন এক ইবাদত যা পালনকারী এবং আল্লাহর পক্ষেই শুধু জানা সম্ভব।

    আমরা ভোরে সাহরি খাই। সারা দিন খাদ্য, পানীয় ও সব ধরনের দৈহিক সম্পর্ক থেকে দূরে থাকি। রোজাদাররা আল্লাহর ভয়ে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার পাশাপাশি সব ক্ষেত্রে সংযম পালন করে। নিজেদের আল্লাহমুখী করার চেষ্টা চালায়। রোজার মাধ্যমে মানুষ আত্মসংযমের শিক্ষা পায়।

    এ সংযম মানুষকে শুদ্ধচারী হওয়ার পথ দেখায়। ঘরে খাদ্য থাকতেও রোজা পালনের সময় সেই খাদ্য গ্রহণ থেকে মুমিনরা দূরে থাকে। আল্লাহর প্রতি ভয় তাদের দীর্ঘ সময় খাদ্য ও পানীয় থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করে।

    রোজার এক মাস মুমিনদের জীবন পুরোপুরি আল্লাহমুখী হয়। একেবারে প্রত্যুষে সাহরি খাওয়া, তারপর পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবির পাশাপাশি অনেকে দৈনন্দিন কাজের ফাঁকে সুযোগ পেলে কোরআন তিলাওয়াত করে সময় কাটায়। রোজার মাসে আল্লাহর প্রতি বান্দার আনুগত্য অনেক বেশি স্পষ্ট হয়।

    রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাস থেকেই সিয়াম বা রোজার প্রস্তুতি নিতেন। শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। সাহাবিদেরও উদ্বুদ্ধ করতেন। যাতে রোজার মাসে রোজা থাকতে তাদের কষ্ট না হয়। একবার শাবান মাসের শেষ দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরামের এক মাহফিলে ভাষণ দান করেন।

    তিনি মহান আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর বললেন, হে মানুষসকল! এক সুমহান মাস তোমাদের ওপর ছায়া বিস্তার করেছে। এ এক মুবারক মাস। এ মাসের মধ্যে এমন এক রাত রয়েছে যা ১ হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ এ মাসে রোজা ফরজ করেছেন। আর এ মাসে রাতের কিয়াম নফল করা হয়েছে। যে ব্যক্তি এ মাসে আন্তরিকতা সহকারে নফল কাজ করে সে যেন অন্য মাসে ফরজ কাজ করে। যে এ মাসে একটি ফরজ কাজ সম্পাদন করে সে যেন অন্য মাসে ৭০টি ফরজ কাজ করে। এ মাস সবর ও ধৈর্যের। সবরের বিনিময় হলো জান্নাত। এ মাস সহানুভূতির। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। যে এ মাসে রোজাদারকে ইফতার করায়, তার গুনা মাফ হয় এবং তার ঘাড় দোজখের আগুন থেকে পরিত্রাণ লাভ করে। রোজাদারের জন্যও অনুরূপ সওয়াব রয়েছে। রোজাদারের সওয়াব থেকে কিছুই হ্রাস করা হয় না।

    রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ ভাষণ শোনার পর সাহাবায়ে কিরাম আরজ করল, হে রসুলুল্লাহ! রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য আমাদের প্রত্যেকের নেই।

    এর উত্তরে তিনি বললেন, যে এক ফোঁটা দুধ বা একটি খেজুর বা সামান্য পানির দ্বারা রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাকেও এ সওয়াব দান করেন। যে রোজাদারকে পেট ভরে খাদ্য দান করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আমার হাউসে কাওসার থেকে পানি পান করাবেন এবং জান্নাতে না যাওয়া পর্যন্ত সে ব্যক্তির কোনো পিপাসা লাগবে না।

    এ মাসের প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন দোজখের আগুন থেকে পরিত্রাণ লাভের। এ মাসে যে ব্যক্তি তার অধীনদের কাজ হালকা করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেন এবং দোজখ থেকে নাজাত দান করেন।

    রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরোক্ত ভাষণের আলোকে আমরা করোনার এই দুঃসময়ে গবির-দুঃখীরা যাতে সাহরি ও ইফতারের তৌফিক লাভ করে তা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়াব। আল্লাহর কাছে দুনিয়াবাসীকে করোনাভাইরাসের থাবা থেকে মাফ করার প্রার্থনা জানাব। দয়ালু আল্লাহ রমজানে আমাদের প্রতি তাঁর রহমতের হাত বাড়াবেন- আমরা এমন আশা করতে চাই।  ( সূত্র: বিডি-প্রতিদিন)

    লেখক : ইসলামবিষয়ক গবেষক।

     

  • এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২২শ’

    অনলাইন ডেস্ক: রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আজ সোমবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

    সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামি শরিয়া মতে আটা, যব, গম, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়।

    জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

    ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী আটার ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম, আটা বা এর বাজার মূল্য ৭০ টাকা। যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৭০ টাকা ফিতরা দিতে হবে। গমের ক্ষেত্রে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭০ টাকা ফিতরা দিতে হবে।

    এছাড়াও কিসমিস দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ১৫০০ (এক হাজার পাঁচশ) টাকা, খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ১৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকা, পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ২২০০ (দুই হাজার দুইশ) টাকা ফিতরা প্রদান করতে হবে।

    সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ, জাতীয় মুফতি বোর্ডের সদস্য সচিব মো. নুরুল আমীন, লালবাগ মাদরাসার মুফতি মো. ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

    সূত্র: ইত্তেফাক

  • রমজান কোরআনের মাস

    ২০২০-এ এক অন্য রকম রমজান দেখছে পৃথিবী। করোনাভাইরাস কভিড-১৯-এর কারণে উদ্বেগ-উৎকণ্ঠা আর নানা সংকটের মধ্য দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ ফরজ রোজা পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। কোরআন নাজিলের মাসে ত্রিশ রোজা পালনের পাশাপাশি মুসলমানদের কাছে রমজান-ইবাদাতের অন্যতম অনুষঙ্গ হচ্ছে কোরআন তিলাওয়াত ও তারাবির খতমে কোরআন। তারাবির জামাতবদ্ধ বিশ রাকাত নামাজের মাধ্যমে হাফেজ সাহেবদের থেকে পূর্ণ কোরআন শুনে থাকেন রোজাদাররা। কিন্তু এবার ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব রক্ষায় মসজিদের তারাবিতে খতমে কোরআন পড়া হচ্ছে না। এতে মুমিন বান্দাদের কোরআন শুনতে না পারার অতৃপ্তি থাকলেও অপূর্ণতার কিছু নেই। কারণ কোরআন এমন এক কিতাব, যার পড়া, শেখা, শেখানো ও আলোচনা সবই ফজিলতপূর্ণ। কোরআন তিলাওয়াত হলো সর্বোত্তম নফল ইবাদত। আর আল্লাহ তাআলা রমজানে নফলের মর্যাদা ও সাওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেন।

    এ মাসের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমপরিমাণ সাওয়াব। এবং এ মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদতের সমপরিমাণ সাওয়াব।’ (সহিহ ইবনে খুযাইমা, হাদিস : ৩১১৫)

    তাই লকডাউনের অবসরে রমজানজুড়ে প্রতি ঘরে ঘরে হতে পারে কোরআন তিলাওয়াত ও প্রশিক্ষণের চর্চা। বিশুদ্ধ তিলাওয়াত শেখার ক্ষেত্রে এ সময় সরাসরি কোনো মাধ্যম না পেলে অনলাইনকেন্দ্রিক কোরআনের বিভিন্ন সাইট থেকেও সহযোগিতা নিতে পারি আমরা। একটু ইচ্ছা করলে বেশ কিছু সহজ আয়াত ও ছোট সুরাও মুখস্থ করা যাবে দীর্ঘ এ অবসরে।

    নিম্নে কোরআনের তিলাওয়াত, শিক্ষা, আলোচনা ও আমল করার গুরুত্ব ও ফজিলত তুলে ধরছি।

    রাসুল (সা.) রমজানে অধিক তিলাওয়াত করতেন:

    রমজান কোরআন নাজিলের মাস। সংগত কারণেই অন্য মাসের চেয়ে এ মাসে কোরআন তিলাওয়াত বেশি করা প্রয়োজন। স্বয়ং রাসুল (সা.) রমজানে অধিক পরিমাণ তিলাওয়াত করতেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রমজান মাসের প্রতি রাতে জিবরাইল (আ.) রাসুলুল্লাহ (সা.)-এর নিকট উপস্থিত হতেন এবং তাঁরা উভয়ই পবিত্র কোরআন তিলাওয়াত করে একে অপরকে শোনাতেন।’ (বুখারি, হাদিস : ৬)

    তিলাওয়াতকারীর সাওয়াবের পরিমাণ:

    তিলাওয়াতকারী প্রতি অক্ষরে দশ নেকি করে পায়। রমজানের বরকতে এ নেকি দ্বিগুণ, বহুগুণও বেড়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তিলাওয়াত করল তার বিনিময়ে সে একটি নেকি পাবে, আর একটি নেকির বিনিময় হবে দশ গুণ। এ কথা বলছি না যে আলিফ-লাম-মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। (তিরমিজি, হাদিস : ২৯১০)

    তিলাওয়াতকারীর প্রতি ঈর্ষা করা বৈধ:

    হিংসা করা শরিয়তে নিন্দনীয় ও অবৈধ। কিন্তু যারা কোরআন তিলাওয়াত করে তাদের প্রতি ঈর্ষা বৈধ। অন্যের অধিক তিলাওয়াতের আমল দেখে ঈর্ষান্বিত হয়ে নিজে বেশি তিলাওয়াতের সংকল্প করাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুই ব্যক্তির প্রতি হিংসা করা বৈধ—(১) ওই ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন আর সে তা দিন-রাত তিলাওয়াত করে আর তার প্রতিবেশী তা শুনে বলে—হায়! আমাকেও যদি এভাবে কোরআন মাজিদ শেখানো হতো যেমন তাকে শেখানো হয়েছে, তাহলে আমিও এভাবে কোরআন তিলাওয়াত করতাম, (২) ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর সে ওই সম্পদ মহান আল্লাহর পথে ব্যয় করতে থাকে, আর তার প্রতিবেশী তা দেখে বলে—হায়! আমাকেও যদি তার মতো সম্পদ দেওয়া হতো যেমন তাকে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মতো আল্লাহর পথে ব্যয় করতাম, যেমন সে করছে।’ (বুখারি, হাদিস : ৫০২৬)

    শুদ্ধ করার চেষ্টায় ঠেকে ঠেকে তিলাওয়াতকারীর সাওয়াব দ্বিগুণ:

    যারা শুদ্ধ কোরআন পড়তে জানে না, তারা তিলাওয়াতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। শুদ্ধ করার পাশাপাশি ঠেকে ঠেকে হলেও তিলাওয়াত চালিয়ে যাওয়া উচিত। এতেও দ্বিগুণ সাওয়াবের কথা হাদিসে এসেছে।

    আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন তিলাওয়াত পারদর্শী ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে। আর যারা ঠেকে ঠেকে কষ্ট করে কোরআন তিলাওয়াত করে তারা দ্বিগুণ সাওয়াব পাবে।’ (মুসলিম, হাদিস : ১৮৯৮)

    রাত্রিকালীন যত বেশি তিলাওয়াত তত বেশি মর্যাদা:

    রাত্রিকালীন নফল ইবাদত আল্লাহর নিকট অনেক প্রিয়। তাই আল্লাহ তাআলা রাতের সময়ে কোরআন তিলাওয়াতের আয়াত সংখ্যার পরিমাণ অনুযায়ী তিলাওয়াতকারীর মর্যাদা বৃদ্ধি করে দেন।

    আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রাতে দশটি আয়াত তিলাওয়াত করে সে গাফেল বলে গণ্য হবে না, আর যে ব্যক্তি এক শ আয়াত তিলাওয়াত করে সে আনুগত্যশীল বলে গণ্য হবে, আর যে ব্যক্তি এক হাজার আয়াত তিলাওয়াত করে তার জন্য সাওয়াবের ভাণ্ডার লেখা হবে।’ (আবু দাউদ, হাদিস : ১৪০০)

    কোরআনের তিলাওয়াতকারী আল্লাহর পরিজন:

    কোরআন আল্লাহর কালাম তথা বাণী। আল্লাহর কালামের অধিক তিলাওয়াতকারীকে (সম্মানসূচক) আল্লাহর পরিবার ও বিশেষ বান্দা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

    আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কতক লোক আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! তারা কারা? তিনি বলেন, কোরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা। (ইবনে মাজাহ, হাদিস : ২১৫)

    কোরআন অনুযায়ী আমলকারীর পিতা–মাতাকে সম্মানিত করা হবে:

    কোরআন তিলাওয়াতকারী ও তদনুযায়ী আমলকারীকে আল্লাহ সর্বোত্তম পুরস্কারে ভূষিত করবেন। সেই সঙ্গে তার পিতা-মাতাকেও কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল নূরের মুকুট পরাবেন।

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে। ধরে নাও, যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে (তাহলে তার আলো কিরূপ হবে?)। তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে, তোমরা ধারণা করো তো! (আবু দাউদ, হাদিস : ১৪৫৩)

    কোরআন শেখা ও শেখানোর মর্যাদা:

    আল্লাহর কোরআন পৃথিবীর সর্বোচ্চ মর্যাদাপূর্ণ কিতাব। এ সম্মানিত কিতাব যে শিখবে এবং শেখাবে আল্লাহর রাসুল (সা.) তাকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। উসমান (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (বুখারি, হাদিস : ৫০২৭)

    কোরআনের আলোচনায় আল্লাহর রহমত বর্ষিত হয়:

    কোরআনুল কারিমের বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা-পর্যালোচনা করা কিংবা ঘরে কোরআন শেখা বা শেখানোর বৈঠক করা, এতেও রয়েছে অনেক সাওয়াব। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো সম্প্রদায় যদি আল্লাহর কোনো ঘরে একত্র হয়ে কোরআন তিলাওয়াত করে এবং তা পরস্পরে শেখে, তবে তাদের ওপর প্রশান্তি নাজিল হয়; আল্লাহর রহমত তাদের আচ্ছাদিত করে এবং ফেরেশতারা তাদের ঘিরে রাখে। আর আল্লাহ তাআলা তাঁর কাছের ফেরেশতাদের সামনে তাদের কথা আলোচনা করেন।’ (মুসলিম, হাদিস : ৬৭৪৮)

    আল্লাহ আমাদের কোরআনের তাৎপর্য ও ফজিলত উপলব্ধি করে রমজানজুড়ে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তাওফিক দান করুন।   সূত্র: কালেরকন্ঠ