Tag: ক্রিকেট

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণে ব্যর্থ আইসিসি

    ম্যারাথন বৈঠকের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারল না আইসিসি। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ক্রিকেটের জনপ্রিয়তম সংস্করণের সপ্তম আসর। সদস্য দেশগুলোর সঙ্গে আইসিসির বৃহস্পতিবারের বৈঠকে এটাই ছিল মুখ্য বিষয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী ১০ই জুন। আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন মুখ আসছে। সে সিদ্ধান্তও আসবে ১০ই জুনের সভায়।

    টেলিকনফারেন্সে হওয়া সে বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে কমই। সেখানে আলোচিত ইস্যু হয়ে ওঠে, কেন সংবাদমাধ্যমে ফাঁস হচ্ছে আইসিসির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ডের কী আলোচনা হচ্ছে সেই খবর। তাই আইসিসি ঠিক করেছে, আগে তদন্ত করে দেখা হবে কিভাবে ভিতরকার খবর বেরিয়ে পড়ছে।

    তার পরে ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। আইসিসি তাদের দেয়া বিবৃতিতে জানিয়েও দিয়েছে, আলোচনার গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তার জন্য আইসিসির এথিক্স অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।

    সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গোপন তথ্য ফাঁস হয়ে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিসির ই-মেইল চালাচালির খবরও সংবাদমাধ্যমে বেরিয়ে পড়ে। নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না এবং কর মওকুফ না হলে ২০২১ সালে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেবে আইসিসি, এমন খবর ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমে। আইসিসি যদিও সেসব খবরকে গুজব বলে উড়িয়ে দেয়।

    ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ভারত সরকারের কাছ থেকে আইসিসির কর মওকুফের দায়িত্ব ছিল বিসিসিআইয়ের। কিন্তু সেটি বিসিসিআই না করায়, প্রায় ২৫০ কোটি টাকার লোকসান হয় আইসিসির। আগামী বছরেও যদি ভারত সরকারের ট্যাক্স অব্যাহতি না পাওয়া যায়, তবে আইসিসির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৮ হাজার কোটি টাকা।

    করোনার জেরে ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে যেভাবে ব্যাঘাত ঘটেছে তাতে যথাসময়ে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে ঘোর সংশয়। যা পরিস্থিতি তাতে বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে ২০২২ অবধি। ক্রিকেট অস্ট্রেলিয়াও চাচ্ছে এবছরের বিশ্বকাপ পিছিয়ে সেটি আয়োজিত হোক ২০২১ অথবা ২০২২ সালে। বিশ্বকাপ নিয়ে আইসিসির এই সময়ক্ষেপনে অসন্তুষ্ট সম্প্রচারস্বত্ব কিনে নেয়া স্টার স্পোর্টস। তাদের হাতে রয়েছে আইপিএলের টিভিস্বত্বও। টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে আইপিএলের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে চাইবে তারা। সূত্র: মানবজমিন

  • বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলাম: মাশরাফি

    ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে গুঞ্জন ওঠে। এরকম কথাও শোনা যায়- ক্রিকেটকে বিদায় বলতে বোর্ড থেকে চাপ দেয়া হচ্ছে তাকে। তবে মাশরাফি অবসর নেননি তখন। এরপর বাংলাদেশের ইতিহাসসেরা এই অধিনায়ককে দেশের মাটিতে বিদায়মাল্য পরিয়ে দিতে ২ কোটি টাকা খরচ করে জিম্বাবুয়েকে আনার প্রস্তাব করে বিসিবি। কিন্তু মাশরাফি এতে রাজি হননি।

    সোমবার ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে অবসরের ব্যাপারে অনেক বিষয় খোলাসা করেছেন মাশরাফি। জানিয়েছেন, কি কারণে বিশ্বকাপে অবসর নিতে চেয়েও নেননি। কী কারণেই বা জিম্বাবুয়ে ম্যাচটার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

    মাশরাফির ভাষায়, ‘দেখেন, আমার অবসরের ঘটনা আগেও একটা ঘটেছে, টি-টোয়েন্টিতে।

    আপনাদের (মিডিয়া) সামনে এসে আমি কারও কথা বলিনি। তখন তো সবকিছু আমার পক্ষেই ছিলো, তাও আমি কিছু বলিনি। এখন তো কিছুই আমার পক্ষে নেই, তাই এতকিছু বলার নেই।
    তবে একটা কথা বলবো, বিশ্বকাপের শেষ ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। হ্যাঁ, চেয়েছিলাম। এটা যদি কেউ অস্বীকার করতে পারে, এমনকি ক্রিকেট বোর্ডের কেউও অস্বীকার করতে পারে…তাহলে আমার সঙ্গে সামনাসামনি কথা বলতে হবে, আলাদা নয়। একসঙ্গে বসে কথা বলতে হবে।

    আমি শেষ ম্যাচেই করতে চেয়েছিলাম। তখন এমন একটা কথা এসেছিল যে, এভাবে না হোক, সুন্দরভাবে হোক (অবসর)। দেশে আসার পর যেটা হয়েছে, জিম্বাবুয়েকে কত টাকা (২ কোটি) খরচ করে একটা ম্যাচ আয়োজন করা… তখন আমার মনে হয়েছে, মাশরাফি হয়তো মাঠ থেকে অবসর নেয়া ডিজার্ভ করে। কিন্তু একটা ম্যাচের জন্য ২ কোটি টাকা মাশরাফি ডিজার্ভ করে না। যেখানে প্রথম শ্রেণির ক্রিকেটের এই অবস্থা, সেখানে একটা ম্যাচের জন্য এত টাকা তার প্রাপ্য নয়। তাই আমি তখন অবসর নেইনি। এরপর হয়তো আস্তে আস্তে চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে।

    আমি অবসর নিতে চাইনি বা নিবো না… এমনটা যদি কেউ দাবি করে তাহলে সামনাসামনি বসতে হবে। আর ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটার প্রস্তাব কেন নেইনি সেটাও বললাম। যেখানে আমার প্রথম শ্রেণির ক্রিকেটারদের মনে কষ্ট আছে, সেখানে আমার একটা ম্যাচের জন্য ২ কোটি টাকা খরচ করাটা ভালো মনে হচ্ছিল না।

    একইভাবে আমার কাছে মনে হচ্ছিল, এই ২ কোটি টাকা আমার ওপর ভারী হয়ে যাচ্ছে কি না। এতই ব্যস্ততা যে, দুই কোটি টাকা দিয়ে আমাকে অবসর নেয়াতে হবে। তো এসব জিনিসও আমার মাথায় এসেছে।’

    জেদের কারণে অবসরের সিদ্ধান্ত স্থগিত করেননি মাশরাফি। তিনি মনে করেন না, মাঠ থেকেই তাকে অবসর নিতে হবে। কিছুদিন আগে ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেয়ার সময় অবশ্য মাশরাফি বলেছিলেন, দলের প্রয়োজনে খেলতে চান। তিনি বলেন, ‘আপনি যেটা বললেন, জেদ বিষয়টা ঠিক না। তবে এসব জিনিস মাথায় কাজ করেছে। আর আমাকে যে মাঠ থেকেই অবসর নিতে হবে, এমন কোন প্রয়োজনীয়তাও দেখছি না।’

    মাশরাফি জানিয়েছেন, অবসর ইস্যুতে তার সঙ্গে অসম্মানজনক কিছু করেনি বিসিবি। তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গে যেটা হয়েছে আসলে ভুল বোঝাবুঝি। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন, আবার বোর্ডেও জিজ্ঞেস করেছেন, মাঝে একটা গ্যাপ চলে এসেছিল। তবে পাপন ভাই (বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন) কিন্তু সবসময় আমার সঙ্গে কথা বলেছেন, আমার চিন্তার কথা জানতে চেয়েছেন। তাই বলতে পারি বোর্ডের পক্ষ থেকে আমাকে যথেষ্ট সম্মান দেয়া হয়েছে।’ সূত্র: মানবজমিন

  • ভারত থেকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কেড়ে নেয়ার হুমকি আইসিসির

    ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারত থেকে কেড়ে নেওয়ার হুমকি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনও পর্যন্ত বিশ্বকাপের কর মওকুফের ব্যবস্থা করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই কারণেই এই হুমকি দিয়েছে আইসিসি।

    সৌরভ গাঙ্গুলী নেতৃত্বাধীন বিসিসিআইকে কড়া ইমেল পাঠিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে যে ভারত থেকে আয়োজনের দায়িত্ব সরিয়ে নেওয়ার এক্তিয়ার আইসিসির রয়েছে। ১৮ মে পর্যন্ত কর মওকুফ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর সময় দেওয়া হয়েছিল বিসিসিআইকে। কিন্তু করোনাভাইরাসের জেরে দেশজুড়ে এখনও চতুর্থ দফার লকডাউন চলছে। এই অবস্থায় ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে বিসিসিআই।

    এর আগেও কর নিয়ে আইসিসির সঙ্গে সংঘাত বেধেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের । ২০১৬ সালে ভারতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও কর মওকুফ করতে ব্যর্থ হয়েছিল বোর্ড। যার ফলে ২০-৩০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল আইসিসির। এবার বোর্ড যদি কর মওকুফ নিশ্চিত করতে না পারে তা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার।

    কিন্তু আইসিসির তরফে জোনাথন হল এক ক্রিকেট ওয়েবসাইটে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বিসিসিআই এর হাতে অনেক সময় ছিল কর-মওকুফ করার জন্য। প্রতিযোগিতার দেড় বছর আগে তা হয়ে যাওয়ার কথা। যা ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত ছিল। এখন বোর্ড ৩০ জুন বা লকডাউন শেষ হওয়ার এক মাস পরের মধ্যে যেটা দেরিতে, সেই পর্যন্ত সময় চাইছে। যা আইসিসি বিজনেস কর্পোরেশন দিতে রাজি হচ্ছে না।”  সূত্র: কালেরকন্ঠ

  • ছেলেদের ‘ক্রাশ’ হতে পেরে খুশি জাহানারা

    ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে এবার ঈদে আর বাড়ি যাওয়া হয়নি জাহানারা আলমের। পরিবার থেকে দূরে থেকে ঢাকার ফ্ল্যাটে একাকী ঈদ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট তারকা। ঈদের সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটল জাহানারার। সেখানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বললেন এই পেসার।

    বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। সারা দেশে জাহানারা আলমের কত ভক্ত-অনুরাগী! সেই ভক্তদের সঙ্গে ঈদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন তিনি। মন্তব্যের ঘরে এক ভক্ত যখন তাঁকে বললেন, ‘লাভ ইউ মাই ক্রাশ!’ উত্তরে জাহানারা বললেন, ‘আপনাকে ধন্যবাদ। আমার আসলে ধারণা ছিল না যে মেয়েরা ছেলেদের ক্রাশ হতে পারে, বিশেষ করে নারী ক্রীড়াবিদেরা। আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা নায়ক-নায়িকা, তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক অবশ্যই এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি সন্তুষ্ট।’

    জাহানারা যা-ই বলুন, মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ‘ক্রাশ’ ছিলেন কিন্তু তিনি! এ নিয়ে বিশ্বের অনেক পত্রিকায় সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। লাইভে আরেক ভক্ত রসিকতা করলেন এই বলে, ‘কমসে কম ১ ঘণ্টা মেকআপ করে চুল ঠিক করেছেন!’ জাহানারা ঝটপট তাঁর ভুল ধরিয়ে দিলেন, ‘একদমই না, ভুল অনুমান। আমার ২০ মিনিট লেগেছে পুরোপুরি তৈরি হতে।’

    ঘরবন্দী এই ঈদে প্রচুর রান্না করেছেন জাহানারা। কী কী রান্না করেছেন, সেটি জানিয়েছেন তাঁর ভক্তদের, ‘কাল পুরোটা দিন রান্না করেছি। বিরিয়ানি, জর্দা, লাচ্ছা সেমাই, জর্দা, চটপটি, রোস্ট, ডিমের কোরমা… আজ রেঁধেছি শুধু গরুর মাংস। সকালে জম্পেশ খাওয়াদাওয়া করেছি। একদিনই তো ইচ্ছেমতো খাব। আবার (ক্রিকেটীয়) কার্যক্রম শুরু হয়ে যাবে। এভাবেই এবার আমার ঈদ গেল।’

    পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে জাহানারার একটু মন খারাপ। তবে তিনি সুস্থ আছেন, এতেই ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য, ‘আমার কতটা দুর্ভাগ্য, পরিবার থেকে দূরে আছি। ঈদ করছি একা একা। পরিবারের সঙ্গে ৪-৫টা ঈদ করতে পারিনি আগে। তবে সবই খেলার কারণে। সতীর্থদের সঙ্গে ঈদ কেটেছে তখন। তবে এবার ঈদটা ভিন্ন। আমি সুস্থ আছি, এটাই বড় ব্যাপার। সুস্থ থাকলে সামনে পরিবার-বন্ধুদের সঙ্গে ঈদ করা যাবে।’ সূত্র:প্রথমআলো

  • বিশ্বকাপজয়ী আকবরের জার্সি-গ্লাভস কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী

     ক্রীড়া ডেস্ক: করোনা দুর্যোগের শুরু থেকেই প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটাররা। বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার ঘোষণা সেই তালিকায় নাম লেখান অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। তার জার্সি এবং গ্লাভস কিনে নিলেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।

    করোনাকালে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে অনলাইন মাধ্যম পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলা এই নিলামে ২ হাজার মার্কিন ডলারে এগুলো বিক্রি হয়। যার বাংলাদেশি মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

    এই নিলামের আরেক পার্টনার নিবকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল ২,০০০ (দুই হাজার) মার্কিন ডলার দিয়ে। সূত্র: বিডি প্রতিদিন

  • কাল নিলামে উঠছে মি. ডিপেন্ডেবলের ডাবল হাঁকানো ব্যাট

    অনলাইন ডেস্ক: এবার নিলামে উঠতে যাচ্ছে মুশফিকুর রহিমের ইতিহাস গড়া সেই ব্যাট। শনিবার রাত ১০টায় ‘স্পোর্টস ফর লাইফ’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেইজে এই নিলাম শুরু হবে। চলবে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত। মুশফিকের ব্যাটের সঙ্গে নিলামে উঠছে গত বছর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়া মোসাদ্দেক হোসেনের ব্যাট। ওই ব্যাট দিয়ে তিনি ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছিলেন।

    সামর্থবানদের ব্যাটটি কেনার আহ্বান জানিয়ে মুশফিকুর রহিম বলেছেন, ‘ব্যাটটি আমার কাছে স্পেশাল। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।’

    নিলামের সবচেয়ে বড় আকর্ষণ মুশফিকের ব্যাট। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়েই তিনি বাংলাদেশের ক্রিকেটকে উপহার দিয়েছিলেন প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। মুশফিক আরও বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আমার ব্যাট ভেবে না হোক, অনেক বড় কোনো ক্রিকেটারের ব্যাট ভেবে বা মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবে সবাই এগিয়ে আসবেন। কারণ, যত বেশি মূল্য পাওয়া যাবে নিলামে, ততই বেশি মানুষকে সহায়তা করা যাবে।’  সূত্র: কালেরকন্ঠ

  • আগস্টে জানা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য

    অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো ক্রীড়াঙ্গন। বিশ্বের বেশির ভাগ ক্রীড়া আসর স্থগিত বা বন্ধ হয়ে গেছে। এখন অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও শত ঝামেলার পরও আসরটি আয়োজন করতে চায় স্বাগতিকরা। তবে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে বলেন, বিশ্বকাপ মাঠে গড়াবে। তবে এ ক্ষেত্রে ফাঁকা স্টেডিয়াম বিবেচনায় আনতে হতে পারে।

    কোভিড-১৯ এর কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় সাধারণ ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। আর কবে এই নিষেধাজ্ঞা শেষ হবে তা সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপ যে আস্তে আস্তে কড়া নাড়ছে। কাছাকাছি সময়ে দেশটির ভারত সফরও রয়েছে। ধারণা করা হচ্ছে শুধু ভারত সফর বাতিল হলেই ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হতে পারে স্বাগতিকদের।

    রেডিওকে দেওয়াি এক সাক্ষাৎকারে কোলবেক বলেন, ‘আমি আসছে গ্রীষ্মে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ দেখতে চাইবো এবং আমি অবশ্যই বিশ্বকাপ দেখার জন্য আশাবাদী হয়ে আছি। দলগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই। তবে দর্শকের ব্যাপারটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। সম্ভবত বিশ্ব ক্রিকেট এমন কিছু দেখতে পারে।’

    তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতির ব্যাপারে বুঝি। তবে আমি মনে করি ম্যাচে ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের যদি টুর্নামেন্ট এগিয়ে নিতে হয় তবে পূর্ণ কোয়ারেন্টিন ও নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।’

    আগামী ১৮ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে । যেখানে অক্টোবরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর সূচি রয়েছে। আর ডিসেম্বরে দুদলের টেস্ট সিরিজ রয়েছে।

    এদিকে সম্প্রতি আইসিসি ১৬ দল নিয়েই বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে জানিয়েছে। তবে পূর্ণ সিদ্ধান্তের জন্য আগামী আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।  সূত্র:ইত্তেফাক

  • মুশফিকের ব্যাট কিনতে নিলামে অংশ নেবে তামিম

    ক্রীড়া ডেস্ক:  করোনাভাইরাসের প্রকোপে অসহায় মানুষদের সহযোগিতা করতে চান মুশফিকুর রহিম। মহৎ এই উদ্দেশ্য সফল করতে টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে উঠাতে যাচ্ছেন তিনি। ইতিহাস গড়া এই ব্যাটটি নিলাম থেকে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারই সতীর্থ তামিম ইকবাল।

    শনিবার সাড়ে ১০টার পর বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম লাইভে আড্ডা দিয়েছেন ইন্সটাগ্রামে। সেখানেই ওঠে আসে এমন প্রসঙ্গ।
    শুরুতেই করোনাভাইরাস নিয়ে তামিমের কার্যক্রমের প্রশংসা করেন মুশফিক। মাশরাফির কথা তুলে তিনি তামিমকে বলেছেন, ‘তোকে (তামিম) স্যালুট। তুই সম্প্রতি যেভাবে মানুষের পাশে এগিয়ে এসেছিস। মাশরাফি ভাই সম্প্রতি একটা মন্তব্য করেছে, অনেক মানুষকেই আল্লাহ তৌফিক দেয়, কিন্তু মন বা কলিজা দেয় না। তোর মতো বড় কলিজাওয়ালা মানুষ কমই আছে। তুই আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবি। আমি সেই দিক থেকে চেষ্টা করছি, কীভাবে কি করা যায়।’

    মুশফিকের প্রশংসা শেষ হতে না হতে পাল্টা তাকেই প্রশংসা বৃষ্টিতে ভাসান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমি জানি ওই ব্যাটটা তোর কত প্রিয়। এটা কেবল তোর জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা একটা আইকনিক ব্যাট হয়ে থাকবে। কারণ বাংলাদেশের হয়ে প্রথম ডাবল করা কোনও ব্যাটসম্যানের ব্যাট। প্রথম বলে সব সময় মুশফিকুর রহিমই থাকবে, আর ওই ব্যাটটাই থাকবে। কীভাবে নিলাম করছিস, কখন হবে সেটা যদি জানাতি, আমি চেষ্টা করতাম।’

    নিলামে মুশফিক সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহের মধ্যে নিলামের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘আমার কাছে এটা একটি স্পেশাল ব্যাট। খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করবো, আমার জন্য নয়, অসহায় মানুষদের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে যেন সামর্থ্যবানরা ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে। এটা আমার ব্যাট ভেবে কেনার দরকার নেই। যেই কিনবে টাকাটা গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার করা হবে।’

    মুশফিকের কথা শেষ হতেই তামিম নিজের ইচ্ছের কথা বলা শুরু করেন এভাবে, ‘ইনশাল্লাহ আমারও নজর থাকবে নিলামের দিকে। আমিও আশা করি তোর ব্যাটটা কিনে নিতে পারবো।’ তামিমকে থামিয়ে দিয়ে মুশফিক এরপর বললেন, ‘দোস্ত তুই কিনে নে না আমার ব্যাটটা।’ হাসিমুখে তামিম জানালেন নিজের চাওয়ার কথা, ‘সত্যি কথা আমি তোর ব্যাটটা কিনতে চাই। আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে, অবশ্যই তোর ব্যাটটা আমি কিনে নেবো। দেখা যাক। ’  সূত্র: বাংলাট্রিবিউন