Tag: করোনা পরিস্থিতি

  • ‘করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিবে’-ওবায়দুল কাদের


    অনলাইন ডেস্ক:
    করোনা মোকাবেলায় দেশবাসীকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতি যদি আবারো অবনতি হয় তাহলে সরকারকে বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

    সোমবার ( ১ জুন) তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। গণপরিবহন চালু ও ভাড়া বৃদ্ধির বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালানো শুরু হয়েছে। সরকার বাস্তবতার প্রয়োজনে ভাড়া সমন্বয় করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ভিজিল্যান্স টিম, মোবাইল কোর্টসহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা ও বর্ধিত ৬০% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়ে তদারকি করার আহ্বান জানাচ্ছি।

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় উন্নত দেশগুলোও আজ হিমশিম খাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দিনদিন সংকট সমাধানের সক্ষমতা বৃদ্ধি করছি। গড়ে তোলা হয়েছে সুসমন্বয়। কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত চিকিৎসা নেটওয়ার্ক সমন্বয় করাসহ সচেতনতা তৈরিতে দক্ষতার পরিচয় দিয়েছে সরকার। খাদ্য সহায়তা, আর্থিক সহায়তাসহ নানা উদ্যোগের ফলে আল্লাহর রহমতে এখন পর্যন্ত মানুষ না খেয়ে মরেনি।’

    বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন শিথিল করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে তবুও লকডাউন শিথিল করছে। কোথাও কোথাও তুলে নিয়েছে। পবিত্র মক্কা-মদিনা- মসজিদুল আকসাও ধীরে ধীরে মুসল্লিদের জন্য খোলে দেয়া হচ্ছে। জীবনের পাশাপাশি জীবিকা দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে জীবনের গতিপথ থেমে আসবে। নেমে আসবে স্তব্ধতা। অর্থনীতিও হয়ে পড়বে স্থবির।’

    ‘তাই পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ভারসাম্যপূর্ণ অবস্থান বেছে নিতেই হবে। এ প্রেক্ষাপটে আমাদের অনিবার্য প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। নিজের সুরক্ষা প্রকারান্তরে পরিবার, সমাজ ও সহকর্মীদের সুরক্ষা দেবে। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সচেতন ও সুরক্ষিত থাকি। সূত্র: ইত্তেফাক

  • করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় আওয়ামী লীগ

    অনলাইন ডেস্ক:  করোনা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে নিয়মিত বৈঠক করে খোঁজখবর নিচ্ছে ও সমন্বয় করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।

    আজ (২ মে, শনিবার) বিকাল ৪ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে সারাদেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা, করোনা প্রতিরোধ, সরকারি ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম ও ধান কাটার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

    আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সৃষ্ট সঙ্কট মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনির্ধারিত এই সভা থেকে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থেকে মানবিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সাথে সারা দেশে সরকারিভাবে বিতরণকৃত ত্রাণ কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং খেটে খাওয়া কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে যাতে খাদ্য সহায়তা পৌঁছে সে ব্যাপারে সকলকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ও কৃষকদের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

    বৈঠক সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “আমরা জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের কাছে দেশব্যাপী ত্রাণ বিতরণ, করোনা পরিস্থিতি মোকাবেলা, ধান কাটা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সার্বিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছি। আমরা অসহায় ও দুস্থ মানুষের তালিকা সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং তৃণমূল নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করতে বলেছি। আমরা তাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সরকারি কার্যক্রমের পাশাপাশি দলীয়ভাবে তাদের পাশে কিভাবে আরো বেশি থাকা যায় সে বিষয়ে আলোচনা করেছি এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছি।” সূত্র: ইত্তেফাক