Home Blog Page 2742

কনস্টেবল থেকে ওসি : দূর্নীতি করে বসুন্ধরায় ১১ কোটি টাকার ভবনের মালিক

0

সাতনদী ডেস্ক : আলাউদ্দীনের চেরাগের মত শুনতে হলেও বাস্তবে এবার কনস্টেবল থেকে ওসি হওয়া ব্যক্তি বসুন্ধরায় ১১ কোটি টাকা মূল্যের ভবনের মালিক হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ভোগ বিলাসী জীবন-যাপন করছে ওসির পরিবার। টাকার পাহাড় জমানো এখন তার নেশা।

এ যেন ‘আঙুল ফুলে বটগাছ’ হওয়ার কাহিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৮ তলা ভবনের মালিক হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম। ভবনটির আনুমানিক মূল্য ১১ কোটি টাকা। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে ওসি হওয়া এই পুলিশ কর্মকর্তা নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। অনুসন্ধানে পাওয়া গেছে ওসি সাইরুলের সম্পদের ভান্ডার।

অনুসন্ধানে জানা যায়, রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বসুন্ধরা আবাসিকের এম ব্লকে ৪২১৪ নম্বর প্লটে ৪ কাটা জমি কিনেছেন সাইরুল ইসলাম। উক্ত জমিতে তিনি নির্মাণ করেছেন ৮ তলা সুরম্য ভবন। ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে সম্প্রতি। নজরদারির সুবিধার্থে ভবনটির বাইরে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

ভবনটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে একটি আবাসন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক  বলেন, ‘৪ কাটা জমির উপর ৮ তলা ভবন করা হলে এটির মোট স্পেস দাঁড়াবে প্রায় ১৮ হাজার ৪৩২ বর্গফুট। এটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ৩ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা। বর্তমানে এটির বাজার মূল্য হতে পারে প্রায় ১১ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা।’

অনুসন্ধানে আরো জানা গেছে, যশোরের প্রাণকেন্দ্র কোতোয়ালী থানার সিটি কলেজ পাড়ায় ওসি সাইরুল ইসলামের রয়েছে ৬ দশমিক ৬০ শতক জমি। যশোরের একজন সংবাদকর্মী জানিয়েছেন, সিটি কলেজের সামনেই মনিহার সিনেমা হল। সেখানে আগে বাসস্ট্যান্ড থাকলেও এখন নেই। তবে রাতের বেলা দূরপাল্লার বাসগুলো মনিহার থেকেই ছাড়ে। ওই এলাকায় জমির প্রচুর দাম। সিটি কলেজ পাড়ায় প্রতি শতক জমির দাম সর্বনিম্ন ৭ লাখ টাকা; রাস্তার পাশে বা একটু ভালো জায়গায় হলে জমির দাম প্রতি শতক ১০ লাখ টাকা। সে হিসেবে ওসি সাইরুলের উক্ত জমির মূল্য হতে পারে সর্বোচ্চ ৬৬ লাখ টাকা।

এদিকে ছেলে মো. সৌমিক হাসানকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোরশায়ারে পড়ালেখা করাচ্ছেন ওসি সাইরুল ইসলাম। ২০১৫ সাল থেকে লন্ডন, তুরস্ক, ইটালি, মালয়েশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে ভ্রমন করেছেন সৌমিক; যা তিনি নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন। এমনকি প্রাইভেট হেলিকপ্টারেও সৌমিকের চলাফেরা করার মুহুর্ত ফেইসবুকে দেখা গেছে।

১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন সাইরুল ইসলাম। মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওমেদপুর গ্রামের শেখ আবদুল আলেক ও শেখ সবুরন নেছার সন্তান তিনি। আর্থিকভাবে অসচ্ছল ছিলেন তারা। যার কারণে পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়ে পরিবারের হাল ধরেন সাইরুল। পরে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও মিরসরাই থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন সাইরুল। চাকরিজীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাননি। শুধুমাত্র পুলিশে চাকরি করে ওসি সাইরুল সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকে জমা হওয়া আয়শা আকতার কাকলী নামের চান্দগাঁওয়ের এক বাসিন্দার অভিযোগ থেকে জানা যায়, সাইরুলের স্ত্রী সৈয়দ তাসলিমা ইসলাম ব্যক্তিগত চালকসহ ব্যবহার করেন দামি প্রাইভেট কার। ওসি সাইরুলসহ পরিবারের সদস্যরা বহুবার বিভিন্ন উন্নত দেশে সফর করেছেন। এত বিলাসী জীবনযাপনের পরও আয়কর বিবরণীতে বছরে মাত্র আড়াই লাখ টাকা পারিবারিক ব্যয় দেখিয়েছেন ওসি সাইরুল ইসলাম।

এদিকে দুদকের কাছে তথ্য আছে, আয়কর বিবরণীতে ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ ২৩ হাজার ৯৫৮ টাকা আছে বলে তথ্য দিয়েছেন ওসি সাইরুল। তার সম্পদ স্ত্রী ও নিকটাত্মীয়দের কাছেও রয়েছে। স্ত্রী সৈয়দা তাসলিমা ইসলামের নামে ঢাকায় কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। সেখানে স্ত্রী-সন্তানরা বসবাস করেন। বিলাসবহুল উক্ত ফ্ল্যাটে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ দামি আসবাবপত্র। বনানীতেও একটি বহুতল ভবন আছে। সাইরুলের সম্পদ ভাই সাইফুল ইসলামের নামেও রয়েছে। নামে-বেনামে অন্তত ৮০টি কাভার্ড ভ্যান রয়েছে ওসি সাইরুল ইসলামের; যা তার ভাই সাইফুল পরিচালনা করেন বলে অভিযোগ। তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য রয়েছে একাধিক গাড়িও। ওসি সাইরুল বেনামে কুমিল্লায় দুটি পেট্রোল পাম্পেরও মালিক বলে উল্লেখ করা হয়েছে দুদকে যাওয়া ওই অভিযোগে।

দুদক কর্মকর্তাদের ধারণা, ওসি সাইরুলের যেসব সম্পদের তথ্য তাদের হাতে আছে, তার বাইরেও অনেক সম্পদ রয়েছে। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ হাউজিং সোসাইটির এক নম্বর সড়কে হিলভিউ টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন ওসি সাইরুল; ওই ফ্ল্যাটটি তিনি কিনেছেন বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। সত্যতা যাচাইয়ে এসব বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করছে দুদক।

দুদকে জমা পড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইরুল ইসলামের একান্ত অনুগত কিছু পুলিশ সদস্য রয়েছেন; ওসি সাইরুলের যে থানায় যোগ দেন তাদেরও একই থানায় বদলি করে নিয়ে যান। তাদের মধ্যে রয়েছেন এসআই পীযুষ কান্তি সিংহ, এসআই গোলাম মোহাম্মদ নাসিম, এএআই মনিরুল ইসলাম, এএসআই আতাউর রহমান, কনস্টেবল মো. রহিম। এই পুলিশ সদস্যরা ওসি সাইরুলের ‘টাকা আয়ের মেশিন’ হিসেবে কাজ করেন বলে দুদকে অভিযোগ করেছেন আয়শা আকতার কাকলী।

তিনি দুদককে আরো তথ্য দিয়েছেন, বোয়ালখালী থানায় ওসি হিসেবে যোগ দেয়ার দিনই নিজের কক্ষে ব্যক্তিগত খরচে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন করেন সাইরুল ইসলাম। বোয়ালখালীর সিও অফিসের মীর পাড়া সড়কে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি; সেখানেও লাগিয়েছেন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।

অভিযোগ রয়েছে, বোয়ালখালীতে যোগ দিয়েই সরকারবিরোধী লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ওসি সাইরুল ইসলাম। বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন খান মুকুলের পরামর্শ মতো ওসি সাইরুল কাজ করেন বলেও অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক বোয়ালখালীর একজন বাসিন্দা  জানান, কর্ণফুলী নদীর তীরের একটি জমি রেজিস্ট্রি করে কেনার পরও সেটা তারা ভোগ-দখল করতে পারছেন না। বিএনপি নেতা মুকুলের পক্ষ নিয়ে ওসি সাইরুল তাদেরকে ভোগ-দখলে বাধা দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম  বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। এগুলো করে কি লাভ? এ অভিযোগগুলোর কোন সত্যতা নেই। আমার ব্যক্তিগত, পারিবারিক সম্পদ থাকতে পারে না? এটা কী কথাবার্তা।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবদুল করিম  বলেন, ওসি সাইরুলের বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সাইরুলের বিরুদ্ধে আরো কোন অভিযোগ থাকলে দুদককে সরবরাহ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরের শুরুতে বোয়ালখালী থানায় ওসি হিসেবে যোগ দেন সাইরুল ইসলাম। এর আগে ২০১৫ সালে নগরের চান্দগাঁও থানায় ওসি সাইরুলের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ফাঁদে ফেলে নিরীহ মানুষের কাছ থেকে টাকা আদায়, মাদক দিয়ে মামলায় জড়ানো, টাকার বিনিময়ে অব্যাহতি দেয়া, দুর্ব্যবহার, ধরে নিয়ে গুলি করাসহ বেশকিছু অভিযোগ উঠে।

এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ‘সরকারি গাড়ি নয়, কর্মস্থলে ব্যক্তিগত গাড়িতে ঘোরেন ওসি!’ শিরোনামে একটি বিশেষ সংবাদ প্রকাশ করে । এতে উল্লেখ করা হয়, বোয়ালখালী থানার নতুন ওসি সাইরুল ইসলাম সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন।

ওই প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে গত বছরের ২৫ সেপ্টেম্বর  সম্পাদক আজাদ তালুকদারের বিরুদ্ধে নিজের থানায় ‘সাধারণ ডায়েরি’ (জিডি) করেন বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম।

নিজের অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে ক্ষমতার অপব্যবহার করে ওসি সাইরুলের জিডি করায় সে সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক  বলেন, অভিযোগের সত্যতা থাকলে ওসি সাইরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার দুদকের রয়েছে। এর বাইরে আমরাও অভিযোগগুলো খতিয়ে দেখবো। সত্যতা পেলে উপযুক্ত ব্যবস্থা নেবো।

সাতক্ষীরায় যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ প্রকল্পের আওতায় সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপিস্থত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যাপক পবিত্র মোহদ দাস, যুব উন্নয়নের উপ-পরিচালাক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, মহিলা বিষয় কর্মকর্তা নাজমুন নাহার, কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ, টিআইবি সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্তসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মনির হোসেন, নবর্যাত্রার প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসনে, ডকুমেন্টেশন কোঅর্ডিনেটর জাহানার, কালিগঞ্জের উপজেলা কোঅর্ডিনেটর হাবিবুর রহমানসহ আরও অনেকে। কর্মশালাটি পরিচালনা করেন ইয়ূথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর মো. আশিক বিল্লাহ। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার আট লাখ ৫৬ হাজার একশ ১৬ জন উপকার ভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বে-সরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।

কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

0

কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলার সার্বিক আইন-শৃংখলা, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও সীমান্তের চোরাচালান প্রতিরোধে নানান উদ্যোগের কথা সভায় উঠে আসে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ওপর ৪টি বিওপির বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডি.বি.ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান। প্রধান অতিথী ছিলেন সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক স.ম.জালাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা শিক্ষার অংশ, তাই একজন শিক্ষার্থীকে যোগ্য হতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজআব্দুস ছাওার, শুকর আলী, আলহাজ্ব এনামুল হক (খোকন), শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিউন আফরিন ওফারহানা সুলতানা।

কলারোয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

0

কলারোয়া প্রতিনিধি: ভারতের উত্তর ২৪ পরগনার ৪ নাগরীককে আটক করেছে বাংলাদেশ ৩৮ বর্ডার গার্ড বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরার তলুইগাছা বিজিবির হাবিলদার মাহবুবর রহমান জানান-সাতক্ষীরার কলারোয়া সীমান্তের জিরো পয়েন্ট কেঁড়াগাছি এলাকা দিয়ে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার ধোপা বাড়ীয়া গ্রামের গুরুদাস পালের স্ত্রী মীর পাল (৩১), উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম থানার দমদম গ্রামের নিতাই পালের মেয়ে জয়া পাল (১৮), নিতাই পালের স্ত্রী সবিতা পাল (৪০) ও দুলাল পালের ছেলে শ্রী নিতাই পাল (৫২) অবৈধ ভাবে বাংলাদেশ প্রবেশ করে। তারা এসময় বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের ওই দিন শনিবার বিকালে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা নং-২৮(৭)১৯ দায়ের হয়েছে। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-আটককৃতদের রোববার সকালে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাষা সৈনিক লুৎফর এর কবর জিয়ারতে ইউএনও

0

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার প্রথম ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের কবর জিয়ারত করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। সোমবার দুপুর ২টায় উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা মোড় সংলঘœ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের পুত্র সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু সহ তার পরিবারের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে প্রস্তুতি সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সারা দেশের ন্যায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার, স্থানীয় সরকার বিভাগ কর্র্তক জারীকৃত পরিপত্র মোতাবেক মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা অফিসার সামছুন্নাহার, ডাঃ আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোবহান সরদার, পিআইও সোহাগ খান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস প্রমূখ। সভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

আশাশুনি জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা অফিসার সামছুন্নাহার, ডাঃ আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোবহান সরদার, পিআইও সোহাগ খান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, শিখা রানী পাল প্রমূখ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচী সমূহ আগামী ৮ আগষ্ট চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং শোক র‌্যালী, সাড়ে ৯টায় আলোচান সভা ও পুরষ্কার বিতরন, ১০টায় স্বেচ্ছায় রক্তদান, গ্রুপিং এবং রেজিষ্ট্রেষন, সাড়ে ১০টায় যুব উন্নয়ন, মহিলা ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ঋন বিতরণ, সাড়ে ১১টায় মহিলাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল, বাদ জোহর বিশেষ মোনাজাত ও মিলাদ, সুবিধামত সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর প্রামান্য চিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

কলারোয়ায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া আলিয়া মাদরাসা সম্মেলন কক্ষে সোমবার বেলা ১১টায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা ওবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুপ্রক’র বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে সকল ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন।

শ্যামনগরে চেয়ারম্যান কর্তৃক বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের পদ্মপুকুরে ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করেন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের স্থায়ী বাসিন্দারা। সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন আমরা প্রকৃতপক্ষে ভূমিহীন, অসহায় দরিদ্র। ইটের ভাটায় শ্রমিকের কাজ এবং নদীতে মাছ ধরে আমরা জীবন-জীবিকা নির্বাহ করি। বিগত ২০০৭ সাল থেকে ঝাপা মৌজায় খতিয়ান নং ১৩০০, ১নং দাগে ৩ পরিবারের নামে ৩ এক সরকারি সম্পত্তি সরকার বাহাদুরের কাছ থেকে ইজারা নিয়ে বসতঘর নির্মাণ করে এবং ছোট ছোট ঘের করে মৎস্যচাষ করে আসছিলাম। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন এড. আতাউর রহমান। নির্বাচিত হওয়ার পর আমাদের ওই ইজারা নেওয়া সম্পত্তির উপর কু নজর পড়ে তার। সে আমাদের স্ব পরিবারে উচ্ছেদ করে আমাদের সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে চেয়ারম্যান আতাউর ও তার বাহিনীর সদস্যরা আমাদের তিন অসহায় পরিবারকে উচ্ছেদের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে।
গত ৫/৭/২০১৯ তারিখে স্থানীয় সাবেক মেম্বর তপন কুমারের মৎস্য ঘের থেকে আমাদের ৫ বছরের একটি শিশুসহ কয়েকটি শিশু মাছ ধরে। এবিষয় নিয়ে ওইদিন তপন মেম্বরের লোকজন আমাদের পরিবারের সকলকে বেধড়ক মারপিট করে। পরে চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে আমাদের বলেন, তোমরা মামলা করো না আমি মিমাংসা করে দেবো। এদিকে তপন মেম্বরকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করিয়ে ১ একজন আটক করিয়ে জেল হাজতে পাঠায়। তারা আরো বলেন ১৩ জুলাই সকালে চেয়ারম্যান আমাদের পক্ষ থেকে শহীদুলকে বলেন, বাড়ি ছেড়ে তোমরা নেমে আসো আমি মিমাংসা করে দেবো। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আতাউর রহমান, তার সহযোগী একই এলাকার মৃত. সুখচাঁদ গাজীর পুত্র আইয়ুব, সামাদ গাজীর পুত্র শফি, সুরমান মোল্লার পুত্র মনিরুল, ইউসুফ গাজীর পুত্র সাইফুল্লাহ, শরবত আলীর পুত্র সোহরাব হোসেন, মোহাম্মাদ আলীরপুত্র মিন্টু মল্লিক, শাহাজানের পুত্র রাহাজানসহ ১০০/১৫০ জন সন্ত্রাসীর বিভিন্ন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমাদের তিনটি বাড়ি ভেঙে দেয়। বাড়িতে থাকা মূল্যবান মালমাল,স্বর্ণের গহনা, টাকা পয়সা লুটপাট করে। আমাদের ওই সম্পত্তি ও বাড়ি ছাড়া আর কিছুই নেই। সেটুকুও কেড়ে নিলো চেয়ারম্যান। এখন স্ত্রী সন্তান নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এব্যাপারে ভূমিদস্যু চেয়ারম্যান আতাউর রহমান ও তার বাহিনী কর্তৃক আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং আমাদের ইজারাকৃত সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তার।