Category: সাতক্ষীরা জেলা

  • দেবহাটায় পরেশ চন্দ্রকে মারপিট, থানায় অভিযোগ

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় পরেশ চন্দ্র সরকার (৫৪) নামের এক ব্যক্তিকে মারপিটের অভিযোগ উঠেছে। তিনি দেবহাটার রামনাথপুর মাঝিপাড়া গ্রামের মৃত রাধাপদ সরকারের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট প্রণব মঠ’র সামনে এ মারপিটের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরেশ সরকার জানান, পারিবারিক একটি শালিস বৈঠককে কেন্দ্র করে পাশর্বর্তী জগন্নাথপুর গ্রামের মৃত সবুর সরদারের ছেলে কবির সরদার (৪০) এর সাথে তাদের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় গাজীরহাট প্রণব মঠ’র সামনে জাহাঙ্গীরের দোকানে বসে চা পান করছিলেন তিনি। এসময় আকর্ষিক কবির সরদার সেখানে পৌঁছে তাকে গালিগালাজ শুরু করেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কবির সরদার সংখ্যালঘু পরেশ সরকারকে বেধড়ক মারপিট করেন। পরে বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমানকে মুঠোফোনে জানানোর পর ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
  • ছয়ঘরিয়া জোড়া শিব মন্দিরের টাকা লুটপাটকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ার ঐতিহ্যবাহী জোড়া শিব মন্দির সংস্কার ও উন্নয়নের নামে অর্থের অপব্যবহার, আত্মসাৎ ও মন্দিরের ৫ বিঘা (দিঘী) পুকুরের মাছ লুটপাটের অভিযোগে মনোরঞ্জন, চিরন্তন দাস ও বাদল চন্দ্র দাসের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৫ জুলাই) বিকেলে ছয়ঘরিয়া জোড়া শিব মন্দিরের সামনে এলাকাবাসী এই মানববন্ধন করে। মানববন্ধনে কালীপদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রহিম, জগদীশ চন্দ্র দাশ, নেপাল কুমার দাশ, সাধু দাশ, দেবেদ্র নার্থ দাশ অভিজিৎ কুমার দাশ, বরুন কুমার দাশ, বিশ্ব নার্থ দাশ, মাস্টার মোহন রায়, মো. আকরাম আলী প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে কোনো কমিটি ছাড়াই মনোরঞ্জন, চিরন্তন দাস ও বাদল চন্দ্র দাস মন্দিরের সম্পত্তি নিজেদের বাপ-দাদার সম্পত্তির মতো ব্যবহার করে আসছে। মন্দিরের ৫ বিঘা (দীঘি) পুকুরে মাছ চাষ করে নিজেদের পুকুর ও ঘেরে নিয়ে ছাড়ছে। মন্দির সংস্কারের নামে জেলা পরিষদ থেকে নেওয়া টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সময়ে মন্দিরের টাকা পয়সার হিসেব না দিয়ে তারা নিজেদের মতো করে অপব্যবহার করে আসছে। এক কথায় তারা গায়ের জোরে মন্দির দখল করে রেখেছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মানববন্ধনে মনোরঞ্জন, চিরন্তন দাস ও বাদল চন্দ্র দাসের শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

  • ক্যান্সারের চিকিৎসায় করোসলের ব্যবহার সম্পর্কে স্বাস্থ্য বিভাগের সতর্কতা

    প্রেস বিজ্ঞপ্তি: ক্যান্সারের চিকিৎসায় করোসলের ব্যবহার সম্পর্কে সতর্কতামূলক এক বিজ্ঞপ্তি জারি করেছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে সাতক্ষীরা জেলায় করোসল গাছের পাতা, ফল বা অন্যান্য অংশ ক্যান্সার এর ঔষধ হিসাবে ব্যবহারে জনগণের মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে। যার সাথে চিকিৎসা বিজ্ঞানের কোন সম্পর্ক নাই। ক্যান্সারসহ যে কোন রোগে রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন বা ভেষজের ব্যবহার রোগের জটিলতা বৃদ্ধি করতে পারে। এ বিষয়ে সচেতন থাকা এবং যে কোন রোগের চিকিৎসার জন্য রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।”

  • তালা জেয়ালা নলতা ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সভা

    নজরুল ইসলাম, তালা: তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সভা খেজুরবুনিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির ৩ নং ওয়ার্ডের সভাপতি মো. আবুহায়াত নিকারীর সভাপতিত্বে অনুষ্টিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় পার্টির তালা উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, ১নং আটারই ওয়ার্ড সহ- সভাপতি মো. হোসেন আলী সরদার, মো. মোজাম্মেল মোড়ল, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মো. হোসেন আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মালি, জাপানেতা মো. জামিরুল নিকারী, উপজেলা তরুন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. মুকুল সরদার প্রমুখ। ওয়ার্ড কর্মি সভায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামকে বিজয়ী করতে সংগঠনকে গতিশীল সহ আগামী ১৪ জুলাই শুক্রবার পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যু বার্ষিকী সফল ভাবে পালন উপলক্ষে প্রস্তুুতি গ্রহনের সিদ্ধান্ত হয় ।

  • আবারও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁঝ

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় ফের বেড়েছে কাঁচা মরিচের ঝাঁঝ। আমদানি অব্যহত থাকা সত্ত্বেও গত ২৪ ঘন্টার ব্যবধানে সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতে কাঁচা মরিচের দাম দাম হঠাৎ বৃদ্ধিতে খরচ বেড়ে যাওয়ায় আমাদের এখানেও মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। এদিকে গত চার দিনে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে গিয়ে দেখা গেছে পাইকারি বাজারে ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকবা কেজি। খুচরা বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা শ’ বা ৪০০ টাকা কেজি দরে। অথচ মঙ্গলবার (৪ জুলাই) পাইকারি বাজারে ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হয়েছিল মাত্র ২৬০ টাকা কেজি। যা খুচরা বাজারে ছিল ৩০০ টাকা কেজি। ভারত থেকে আমদানি অব্যহত থাকা সত্ত্বেও গত ২৪ ঘন্টার ব্যবধানে সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ ক্রেতাদরে জন্য ছিল রীতিমত অস্বস্তিকর। বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজদারি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন বাজারে আসা অনেক ক্রেতা। শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার শওকত হোসেন জানান, বাজারে কোন জিনিসের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কোন তদরিকি নেই। বিক্রেতারা তাদের ইচ্ছামত দাম হাকিয়ে জিনিস বিক্রি করছেন। ফলে প্রতিদিনই বাজারে দ্রব্য মূল্যের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বাজারে যে কাঁচা মরিচ খুচরা ৩০০ টাকায় বিক্রি হয়েছে, আজ তা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা বেশি। অথচ শুনেছি প্রতিদিন ভোমরা বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ দেশে আসছে। তিনি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান। অপর এক ক্রেতা শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম জানান, কাঁচা মরিচ নিয়ে বাজারে রীতিমত তুঘলকিকান্ড চলছে। সুযোগ বুঝে পাইকাররা ইচ্ছামত দাম হাকিয়ে ক্রেতাদের প্রতারিত করছেন। যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কাঁচা মরিচের দাম বেশি নিচ্ছেন পাইকাররা। আর এর ফল ভোগ করছেন সাধারণ ক্রেতারা। তবে শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি সবজি ব্যবসায়ি লিয়াকত হোসেন ক্রেতাদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কেনার উপর সামান্য লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকি। বাজারে কোন জিনিসের সরবরাহ বেশি থাকলে তার দাম কমে যায়। আবার সরবরাহ কমে গেলে দামও বেড়ে যায়। আমদানির শুরুতেই সরবরাহ বেশি থাকায় ভারতীয় কাঁচা মরিচের দাম কম ছিল। কিন্তু হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। যে কারণে দামও বৃদ্ধি পেয়েছে। তবে আমদানিকারকদের কাছে শুনেছি ভারতেও নাকি কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। যে কারণে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। বাজারের খুচরা সবজি ব্যবসায়ি ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে কিনেছিলা। কিন্তু বুধবার সেই মরিচ কিনলাম ৩৬০ টাকা কেজি। এরপর আড়তদারিসহ অন্যান্য খরচ আছে। বাধ্য হয়ে আমরাও ৪০০ টাকায় কেজি বিক্রি করছি। আমরা কেনার উপর সামান্য লাভে মাল বিক্রি করে থাকি। ফলে কোন জিনিসের দাম কম বেশিতে আমাদের খুচরা বিক্রেতাদের কোন হাত থাকে না। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনে ভারত থেকে ২৪ ট্রাকে প্রায় ২৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। কিন্তু হঠাৎ করে ভারতে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। যে কারণে স্থানীয় বাজারে হঠাৎ করে মরিচের মূল্য বৃদ্ধি পেয়েছে। এভাবে আমদানি অব্যহত থাকলে অল্প কিছুদিনের মধ্যে দাম আরো কমে যাবে বলে জানান তিনি। ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির শুরু থেকে প্রতিদিন ৭ ট্রাক করে কাঁচা মরিচ এই বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিন্তু বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৩ ট্রাক মরিচ ঢুকেছে। এনিয়ে গত চার দিনে ২৪ ট্রাকে প্রায় ২৪০ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা বন্দরে ঢুকেছে। কাঁচা মরিচের আরো ট্রাক ভারতের ওপারে ঘোজাডাঙ্গা এলাকায় আছে বলে আমরা জানতে পেরেছি।

  • তালায় বাল্যবিবাহের দায়ে বরের কারাদন্ড প্রদান

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরার তালায় দশম শ্রেণির ছাত্রীকে বিবাহ করার দায়ে বর সুমন মোড়ল রাসেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন। বর সুমন মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের উথালী গ্রামের বিল্লাল হোসেন মোড়লের ছেলে। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে আরও ৪দিনের কারাদন্ড প্রদান করা হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ২/৩ দিন আগে তালা উপজেলার বারাত এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে সুমন মোড়ল রাসেল। বুধবার ছিল তাদের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমানের এমন অভিযোগের প্রেক্ষিতে আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, ভিডব্লিউবি প্রশিক্ষক রাজিবুল এবং কিশোর কিশোরী ক্লাবের সাবেক সদস্য স্বপ্ন ঘোষসহ তালা থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হন। এক পর্যায়ে বর ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(২) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বর সুমন মোড়ল রাসেলকে ১৫দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। উক্ত জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও ৪দিনের কারাদন্ড প্রদান করা হয়।

  • একদিনে একই অপারেশন থিয়েটারে সাত শিশু ভূমিষ্ঠ

    সাতনদী ডেস্ক: একদিনে সাতক্ষীরা সদর হাসপাতালে ১৪টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতালে ৭টি অর্থপেডিকস ও ৭টি সিজার সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন করেন ডা. হাফিজুল্লাহ, ডা. ইসমাইল হোসেন, ডা. ফারজানা রসিদ। হাসপাতাল সূত্র জানায়, বুধবার সাতজন গর্ভবতী মায়ের সিজার করা হয়। তারা হলেন-সেলিনা খাতুন (৩০), ফারজানা আক্তার (২৪), তাসলিমা খাতুন (২৭), শ্রাবন্তী (২৮), তাছলিমা খাতুন (২০), স্বপ্না (১৯) এবং তানিয়া (২৬)। এর আগে মঙ্গলবার তিনজন মায়ের সিজার করা হয়। তারা হলেন-সোনিয়া (২৬), মনিকা (২৬) ও মনিরা (৩০)। দুদিনে মোট ১০জন মায়ের সিজার করা হয়। এদের মধ্যে তাসলিমা, শ্রাবন্তী, তাছলিমা, সোনিয়া ও মনিরা (৫জন) মেয়ে সন্তান এবং সেলিনা, ফারজানা, স্বপ্না, তানিয়া ও মনিকা (৫জন) ছেলে সন্তানের মা হয়েছেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান বলেন, একদিনে একটি মফ:স্বল শহরের কোন হাসপাতালে ১৪টি সফল অপারেশন বিরল ঘটনা। বিশেষ করে একই অপারেশন থিয়েটারে একসাথে সাতটি সিজারের মাধ্যমে সাতটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার দৃষ্টান্ত বিরল। তিনি আরও বলেন, বর্তমানে অপারেশনকৃত মা ও শিশুসহ সকলেই সুস্থ আছেন।

  • সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো পুরাতন সাতক্ষীরার শেখ মাহবুবর রহমানের ছেলে শেখ মাসুদুর রহমান (৪৮) এবং শহরের ইটাগাছা এলাকার মৃত গোলাপ গাজীর ছেলে মো. নুরুজ্জামান ময়না (২৮)। সাতক্ষীরা সদর থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই মো. আজিজ মাহমুদ সঙ্গীয় এএসআই ইব্রাহীম রাসেল, এএসআই শাহানুর আলম সঙ্গীয় ফোর্সসহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সাতক্ষীরা থানাধীন পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়াস্থ হাটখোলা হতে কাবিরাজের মোড়গামী পাকা রাস্তার উপর জনৈক সন্তোষের পুকুরের সামনে হতে আসামী শেখ মাসুদুর রহমান গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে থানার এসআই মো. হাসানুর রহমান, এএসআই মো. আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন ইটাগাছাস্থ ইকরা একাডেমির পাশে জনৈক মো. আশরাফ আলীর কাঠের আসবাবপত্র এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মো. নুরুজ্জামান ময়নাকে গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে তার হেফাজত হতে মোট চব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। উভয় ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার চিত্তর মোড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকরামুল সানার মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্কুল শিক্ষক আকরামুল সানা (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র। তিনি ২০১৭ সালে সদর উপজেলার বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, আকরামুল সানা জোহরের নামাজ পড়ে ইটাগাছা সিএন্ডবি মসজিদ থেকে মোটরবাইকে বের হচ্ছিলেন। এসময় কালিগঞ্জগামী একটি বাস তার বাইকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়েন। এতে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই মারা যান আকরামুল সানা। এঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।

  • শ্যামনগরে আটককৃত দুই বখাটের জামিন বাতিলের দাবী

    শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের গত ১৩ জুন শ্যামনগর থানা পুলিশের তৎপরতায় আটক হওয়ায় দুই বখাটের জামিন বাতিলের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কৈখলী সাহেবখালী গ্রামের ফজলু মোড়লের পুত্র শাহিন ও আমিনুর মোড়লের পুত্র ফয়সাল শাকিল সিংগাপুর থেকে দেশে ফিরে একই গ্রামের পিতাহারা স্কুল পড়ুয়া এক শিশু কন্যা (১৫) কে চলার পথে ডিস্টাব, কু-প্রস্তাব ও যৌন হয়রানী করে আসছিল। তারা উভয়ে ১২ জুন রাত আনুমানিক ১২ টার সময় ধর্ষণের চেষ্টার প্রাক্কালে হাতে নাতে ধরা পড়ে এবং শ্যামনগর থানা পুলিশের তৎপরতায় আটক হয়। পরদিন ভিকটিমের মাতা হোসনেয়ারা খাতুন বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ৩৫নং মামলা দায়ের করে। মামলা মূলে আসামিদের জেল হাজতে প্রেরণ করে শ্যামনগর থানা পুলিশ। আটক হওয়া দুই বখাটের পরিবারের লোকজন ভিকটিমের মাতা হোসনেয়ারা ও খালা শাহানারাসহ পরিবারের লোক জনের নামে বিভিন্ন রকমের হুমকি ধামকি, ক্ষয়-ক্ষতি করে চলেছে। তাছাড়া দুই বখাটে জেল হাজত থেকে বের হইলে ওই শিশু কন্যার মুখে এসিড মেরে পুনরায় সিংগাপুর চলে যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, কৈখালী সাহেবখালীতে যে কোনো সময় এবিষয়টি নিয়ে দাঙ্গা সৃষ্টি হতে পারে। অসহায় কন্যার পরিবার ও এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট নারী উত্যাক্তকারী দুই বখাটে শাহিন ও ফয়সাল শাকিলের দীর্ঘদিন জেল হাজতে আটকিয়ে রাখার দাবি জানিয়েছেন। তাছাড়া ভিকটিমের পরিবারের নিরাপত্তার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।