দেবহাটায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় থানা-পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামী লীগ নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী (৩৫) এবং একই উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে তুহিন রহমান (৪০)।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন নওয়াপাড়া ইউনিয়নের কামিনীবসু গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। তবে তিনি বর্তমানে সাংবাড়িয়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার একটি আভিযানিক দল শনিবার রাত দেড়টার দিকে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং-০৬) এজাহারনামীয় আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recomended