দুবলার চরের রাস পূজায় ২১১ তীর্থযাত্রী নিয়ে সাত ট্রলারের যাত্রা

মোমিনুর রহমান: ঐতিহ্যবাহী রাস পূজায় অংশ নিতে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ২১১ জন তীর্থযাত্রী। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সাতটি ট্রলারে করে তারা গন্তব্যের পথে রওনা হন।

রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বন বিভাগের আনুষ্ঠানিক তল্লাশি ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষে ট্রলারগুলো দুবলার চরের উদ্দেশে ছেড়ে যায়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, এবারের রাস উৎসব উপলক্ষে সাতটি ট্রলারে মোট ২১১ জন পুণ্যার্থী সাতক্ষীরা রেঞ্জ থেকে যাত্রা করেছেন। যাত্রার আগে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত বিধি-নিষেধ কঠোরভাবে যাচাই করা হয়।

বন বিভাগের এই কর্মকর্তা আরও জানান, সাতটি ট্রলার ও ২১১ জন তীর্থযাত্রীর অনুকূলে সরকার ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা রাজস্ব আদায় করেছে।

এদিকে দুবলার চরের রাস পূজাকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম বলেন, দুবলার চরের রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থী এই আয়োজনে যোগ দেন। ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা এবং পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।

পুণ্যার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরও জানান, তীর্থযাত্রীদের বহনকারী ট্রলারগুলো নিরাপদে ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বন বিভাগের টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

Recomended