
প্রেস বিজ্ঞপ্তি : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জনপদ সাতক্ষীরা সদর-২ আসনের সার্বিক অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) প্রতি ১২ দফা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা তুলে ধরেছেন সাতক্ষীরার স্বনামধন্য সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো. আফসার আলী।
সাতক্ষীরা সমন্বয় উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা নাগরিক কমিটির উপদেষ্টা জনাব মো. আফসার আলী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের অবহেলা, পরিকল্পনাহীনতা ও অব্যবস্থাপনার কারণে সাতক্ষীরাবাসী নানা নাগরিক সমস্যায় জর্জরিত। স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা নিয়ে এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও ঝুলে থাকা মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরাকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে স্থানীয় সংসদ সদস্যের বলিষ্ঠ নেতৃত্ব এখন সময়ের দাবি।”
গণমাধ্যমের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যের ও স্থানীয় নেতৃবৃন্দের সদয় দৃষ্টি আকর্ষণ করে জনাব মো. আফসার আলী নিচের ১২টি খাতে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান:
১. চলমান প্রকল্পের বাইরে থাকা অবকাঠামোর জন্য পৃথক বরাদ্দ গ্রহণ:
চলমান ‘সাতক্ষীরা অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অর্থের বাইরে সদর-২ আসনের যে সকল গুরুত্বপূর্ণ রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন ও স্যুয়ারেজ লাইন এখনো অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোর তালিকা প্রণয়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত পৃথক বিশেষ বরাদ্দ গ্রহণের পদক্ষেপ গ্রহন ।
(২)নাভারণ-ভোমরা রেললাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও আমদানি-রপ্তানি বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তাবিত এবং ইতিমধ্যে ডিপিপি (DPP) প্রণীত ‘নাভারণ হতে ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প’টি রেলপথ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অবিলম্বে বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ ।
(৩) সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ত্বরান্বিতকরণ:
উচ্চশিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে ইতিপূর্বে মন্ত্রিপরিষদে সুপারিশকৃত ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের প্রশাসনিক ও অবকাঠামোগত কার্যক্রম দ্রুত ত্বরান্বিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা।
(৪) প্রস্তাবিত ‘ভোমরা স্থলবন্দর পৌরসভা’ বাস্তবায়ন:
দেশের অন্যতম বৃহৎ রাজস্ব আহরণকারী ভোমরা স্থলবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রস্তাবিত ‘ভোমরা স্থলবন্দর পৌরসভা’ গঠনের প্রক্রিয়াটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যগ গ্রহন । পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ সড়ক প্রশস্তকরণ, আধুনিক ওয়্যারহাউস নির্মাণ ও পণ্য খালাসে হয়রানি বন্ধে এনবিআর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা।
(৫) আইনশৃঙ্খলার উন্নতি ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধ:
জনজীবনে স্বস্তি ফেরাতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত শত্রুতার জেরে কোনো নিরপরাধ মানুষকে যেন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো না হয়, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে হবে।
(৬) মব জাস্টিস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ:
আইন নিজের হাতে তুলে নেওয়া বা ‘মব’ সৃষ্টি করে অরাজকতা তৈরি এবং নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা চাঁদাবাজদের রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দল-মত নির্বিশেষে অপরাধীদের দমনে স্থানীয় প্রশাসন, পুলিশ ও নাগরিক সমাজের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ‘শান্তি ও শৃঙ্খলা কমিটি’ গঠন করা জরুরি।
(৭) জলাবদ্ধতার স্থায়ী সমাধান:
সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার নিম্নাঞ্চলের প্রধান অভিশাপ জলাবদ্ধতা। এর স্থায়ী সমাধানে প্রাণসায়ের খালসহ সংযোগ খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ করে বিজ্ঞানসম্মতভাবে পুনঃখনন করতে হবে। পাশাপাশি শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেতনা ও মরিচ্চাপ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাথে সমন্বয় করে মেগা প্রকল্প গ্রহণ জরুরি।
(৮) বেসরকারি স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন:
মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আসনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার তালিকা তৈরি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং পুরনো ভবনগুলোর দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহন ।
(৯) কারিগরি প্রশিক্ষণ ও বেকার যুবকদের কর্মসংস্থান:
শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে উপজেলা পর্যায়ে আধুনিক কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও এর সক্ষমতা বাড়াতে হবে। তথ্যপ্রযুক্তি (আইটি), ফ্রিল্যান্সিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও মৎস্য চাষের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে ব্যাপক আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে।
(১০( শহরের যানজট নিরসন ও বাইপাস সড়ক নির্মাণ:
সাতক্ষীরা শহরের যানজট নিরসনে প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ করা এবং ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার জন্য নির্দিষ্ট রুট ও সংখ্যা নির্ধারণ করে দেওয়া প্রয়োজন। পাশাপাশি শহরের ওপর চাপ কমাতে সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে একটি আধুনিক বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প গ্রহণ করা জরুরি।
(১১) বাস-ট্রাক স্ট্যান্ড ও বাজার চাঁদামুক্ত করা:
সাধারণ ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন শ্রমিকদের স্বার্থে বাস ও ট্রাক টার্মিনাল এবং কাঁচাবাজারগুলোকে যেকোনো ধরনের অবৈধ টোল বা চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করতে হবে। ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে পৌরসভা ও জেলা প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করন।
(১২) মাদক নির্মূলে প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন:
সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সহজলভ্যতা রুখতে প্রশাসন ও বিজিবিকে সাথে নিয়ে কঠোর অভিযান এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
একইসাথে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির সংকট দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
প্রস্তাবনার শেষে জনাব মো. আফসার আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, “সাতক্ষীরা সদর-২ আসনের সাধারণ মানুষ একটি নিরাপদ, বৈষম্যহীন, যানজটমুক্ত ও উন্নত জনপদ প্রত্যাশা করে। স্থানীয় সংসদ সদস্য যদি প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিক সমাজকে সাথে নিয়ে মন্ত্রণালয়ভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এই ১২ দফা প্রস্তাবনা বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন, তবেই সাতক্ষীরা দেশের অন্যতম একটি মডেল ও সমৃদ্ধ জেলায় রূপান্তরিত হবে।”
