মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: “মানবতার টানে, ভয় নেই রক্তদানে”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি কলেজে রক্তগ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদাতা (ডোনার) সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট যুব রেড ক্রিসেন্টের সদস্যদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই মানবিক কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। উদ্বোধনী বক্তব্যে তিনি যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের এমন মানবিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, বর্তমান ডেপুটি যুব প্রধান-০২ মো. সাইফুল ইসলাম, সেবা ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইমুন হাসনাত সাকিব, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আসিফ হাসান, আইসিটি ও মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান ও উপ-বিভাগীয় প্রধান পৃথা ও শরিফুল ইসলাম, তহবিল সংগ্রহ বিভাগের উপ-বিভাগীয় প্রধান এস এম সাজেদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. শামীম হোসেন, এবং আরিফুল ইসলাম ও রাকিব হাসানসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে কলেজের শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং স্বেচ্ছায় রক্তদানে নিজেদের নাম ডোনার তালিকায় অন্তর্ভুক্ত করেন। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের সংকট দূর করতে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। “আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন”—এই বার্তা ছড়িয়ে দিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।
