শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা থেকে: সাতক্ষীরার পাটকেলঘাটায় উৎকোচ না দেওয়াকে কেন্দ্র করে এক বীজ ব্যবসায়ীকে হয়রানি এবং তাঁর প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে জরিমানা করানোর অভিযোগ উঠেছে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পাটকেলঘাটার কপোতাক্ষ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মানঘোষিত ২৮ জাতের ধানবীজের প্যাকেটে ভিত্তিবীজ লেখা অবস্থায় প্যাকেটজাত করে রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির জরিমানা করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণকে প্রতারিত করার অপরাধে কপোতাক্ষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাধু সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা এসএম নিজাম মাহমুদের কাছে তিনি ভিত্তিবীজ ২৮ জাতের ধানবীজ প্যাকেটজাত করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ওই কর্মকর্তার যাতায়াত ও দাপ্তরিক খরচ বহন করতে না পারায় তিনি প্রয়োজনীয় ছাড়পত্র পাননি বলে দাবি করেন।
বিশ্বজিৎ সাধুর দাবি, ধানবীজ পরীক্ষার জন্য ওই কর্মকর্তার অনুমতি নিয়েই ২ কেজি করে মোট ২২টি প্যাকেট প্রস্তুত করেছিলেন। কিন্তু পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তার চাহিদা অনুযায়ী খরচ বহন না করায় তিনি প্যাকেটজাত ধানবীজ পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রয়োজনীয় টাকা বা খরচ না দেওয়ায় তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগতভাবে তাঁর ব্যবসায়িক সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযান চলাকালীন জানতে চাইলে, তিনি বলেন এগুলো সব ভুয়া কথা, আমি তার কাছে আর্থিক সহযোগিতার চাবো কেন, এখানে মোবাইল কোট করতে আসলে আমি তার কাছে আর্থিক সহযোগিতা চেয়েচি বলে আপনাদের কাছে অভিযোগ করেছে।
বিশ্বজিৎ সাধু বলেন, “আমি একজন উৎপাদক ১৯৭৭ সাল থেকে এ পেশার সঙ্গে জড়িত। আমি নিজে আমার জমিতে এই ধান চাষ করি এবং দীর্ঘদিন ধরে কৃষকদের বীজ সরবরাহ করে সেবা দিয়ে আসছি। অথচ এখন আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা আমার দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করছে।”
এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট বীজ প্রত্যয়ন কর্মকর্তার ভূমিকা, ভিত্তিবীজ প্যাকেটজাত করার অনুমতি প্রদান ও পরীক্ষার প্রক্রিয়া এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পেছনের কারণ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
