
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কওসার আজিজ।
এ সময় সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও শিক্ষাব্যবস্থাসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু। তাঁরা সুন্দরবনে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, আত্মসমর্পণের পরও পুনরায় ডাকাতিতে জড়িয়ে পড়া এবং জলদস্যু দমনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। এছাড়া গাবুরার চলমান মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করা এবং প্রকল্পের নকশা ও ডিজাইন জনসমক্ষে প্রকাশের দাবি জানান বক্তারা। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় সুপেয় পানি সংরক্ষণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ, ভূমিহীনদের বসতির ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি অসমাপ্ত খাল খনন এবং মেগা প্রকল্পের বিভিন্ন কাজের গুণগত মান নিয়েও আলোচনা হয়।
স্থানীয়দের বক্তব্য শোনার পর জেলা প্রশাসক কওসার আজিজ সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে গাবুরার সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
চলমান মেগা প্রকল্পের সড়ক নির্মাণকাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

