
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. শরিফুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দপ্রসাদ দেবনাথ, সহকারী শিক্ষক জি এম মোজাফফর হোসেন ও মো. হাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শরিফুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

