
মো. জিয়াউর রহমান: শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বেল পাড়তে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সেখানে বেলা ১১টার দিকে একটি গাছে উঠে বেল পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
এ সময় বাগানের পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

