
মেহেদী হাসান: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।বুধবার সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল সাড়ে ৯টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল ১০টায় শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে।
দিনব্যাপী নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী (খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন), রূপসা মোড়, নতুন রাস্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দোলনের ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং বিকাল ৫টায় শহিদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।এছাড়া দিনব্যাপী সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জাদুঘরসমূহ বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশুদের জন্য বিভিন্ন বিনোদনকেন্দ্রেও বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা থাকবে।দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হবে। শহরের প্রধান সড়কগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানায় সজ্জিত করা হবে।শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা ও গ্রাফিতি অঙ্কনের আয়োজন থাকবে।

