ডা. লিটন: শ্যামনগরে প্রকৃতির নির্মম রোষে ঝরে গেল এক সংগ্রামী জেলের জীবন। জীবিকার সন্ধানে নদীর বুকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন মো. নুর ইসলাম (৫০) নামে এক জেলে।শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের স্বাভাবিক কর্মব্যস্ততায় নুর ইসলাম একটি ছোট নৌকায় নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ করেই আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ। মুহূর্তের মধ্যে বজ্রের প্রচণ্ড গর্জনের সঙ্গে নেমে আসে ভয়ংকর বজ্রপাত। আশপাশের জেলেরা দেখতে পান, নুর ইসলামের নৌকা থেকে ধোঁয়া উড়ছে। শঙ্কিত সহকর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে একটি ট্রলারে করে তাকে হরিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। গ্রাম্য চিকিৎসক শিবপদ মন্ডল তাকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, বজ্রপাতের তীব্র আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.