
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোডাউন মোড় ভায়া নূরনগর সড়কের সংস্কার কাজে বেহাল দশা-এ যেন দেখার কেউ নেই। নূরনগর ত্রিমোহনী মোড় থেকে গোডাউন মোড় পর্যন্ত রাস্তাটি দৈর্ঘ্য ৯ কিলোমিটার। তিন বছর আগে রাস্তটির গোডাউন মোড় থেকে শুরু হয়ে চার কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। এক বছর পার না হতেই এটি খানা খন্দকে ভরে যায়। বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নুরনগর-কৈখালী ইউনিয়নের মানুষের উপজেলা সদরে আসার প্রধান রাস্তা এটি। প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেকেই দূর্ঘটনার কবলে পড়েন। দুই বছর আগে এই রাস্তার ৪ কিলোমিটার সংস্কার করা হয়। সেটিও সংস্কারে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ওঠে। মাত্র দুই বছর বয়সের রাস্তায় খানা খন্দক তৈরী হতে শুরু করেছে। এবছর অবশিষ্ট এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলমান। পুরাতন রাস্তা থেকে উভয় পাশে তিন ফুট প্রশস্ত হচ্ছেএটি। দুই পাশের বন্ডিং ইট এক নম্বর হওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে দেড় ও দুইনম্বর ইট। রাস্তার মাটি খুঁড়ে ৬ ইঞ্চি বালি দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। মাটির উপর দেওয়া হয়েছে ইটের খোয়া। পুরাতন বিটুমিন মেশানো পাথর কুচি ফেলে দিয়ে ৪ ইঞ্চি ইটের খোয়া দেওয়ার কথা থাকলেও পুরাতন রাস্তার সেই পাথর ছড়িয়ে দিয়ে রুলিং করা হচ্ছে। রাস্তার পাশে পুকুর বা ডোবা থাকলে পাচীর দেওয়ার পর নিম্ন অংশ ভরাট শেষে রাস্তায় রোলার দেওয়ার কথা থাকলে তা মানা হচ্ছে না।এ যেন মগের মুল্লুকের দেশ। ঠিকাদারকে সমস্যাগুলো নিয়ে কথা বললে তিনি জানান সবই হচ্ছে সিডিউল মাফিক। স্থানীয় প্রশাসনের নজর নেই এই রাস্তার দিকে, এমনটি জানালেন এলাকাবাসী। তারা কাজের নিম্নমানের কথা বললেও ঠিকাদার কিংবা এলজিইডি, শ্যামনগরের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিন ঘুরে এলাকাবাসীর অভিযোগের সত্যতা মিলেছে। নূরনগর এলাকাটি শ্যামনগর উপজেলার একটি অগ্রসরমান এলাকা। পাঁচটি রাইসমিলসহ মৎস্যসেট, বড় বাজার রয়েছে নূরনগরে। প্রতিদিন ভারী যানবাহনের চলাচল রয়েছে এখানে। এভাবে রাস্তা সংস্কার করা হলে এলাকাবাসীর এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাবে বলে মনে করেন এই এলাকার মানুষ। কর্তৃপক্ষ রাস্তাটির গুণগতমান সঠিক রাখতে নজরদারি বাড়াক এবং প্রকৃত বাজেটের সিডিউল মাফিক কাজ হোক এমন প্রত্যাশা করেন এলাকার মানুষ। ঠিকাদারের অবহেলার কারণে অথবা অতি মুনাফার আশায় রাস্তাটি যেন তেন ও দায়সারা করে শেষ করবে এমন প্রত্যাশা কাম্য হতে পারে না। প্রশাসনের কাছে রাস্তাটির সংস্কারে সকল অনিয়ম ও দূর্ণীতি ক্ষতিয়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

