
অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করে পুলিশ। আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)।
এদিকে, সোমবার বিকেলে জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন মেসার্স ভাই ভাই স্টোরের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

