দ্বিতীয় ওয়ানডে দলে হঠাৎ সুযোগ শামীম হোসেনের

স্পোর্টস ডেস্ক:

ইংল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ।

মাঠে নামার ১৮ ঘণ্টা আগে হঠাৎ শামীম হোসেন পাটোয়ারীকে দলে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলা শামীমকে প্রথম ওয়ানডে দলে ডাক দেওয়া হয়েছে। তাকে ইংল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি দলেও নেওয়া হয়েছে।

ব‌্যাটিং ব‌্যর্থতায় প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেনি বাংলাদেশ। মিরপুরে আগে ব‌্যাটিংয়ে নেমে ২০৯ রানে গুটিয়ে যায়। বোলাররা স্বল্প পুঁজি নিয়ে লড়াই করেছে। কিন্তু ডেভিড মালান দালান ভাঙতে পারেনি। মালানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ম‌্যাচ হারে স্বাগতিকরা।

৩ ম‌্যাচ সিরিজে ১-০ ব‌্যবধানে পিছিয়ে শুক্রবার ইংলিশদের আতিথেয়তা দেবে তামিমের দল। দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে হঠাৎ শামীমকে যুক্ত করার কারণ কেউই খোলাসা করতে চাইলেন না।

Recomended