
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন
সাতক্ষীরার কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
আইন পেশায় দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইনজীবী জীবনের সূচনা করেন। পরে ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও প্রথম সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ আইন সমিতির দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
সাতক্ষীরা জেলার দক্ষিণ কাটিয়া (মাস্টারপাড়া) গ্রামে জন্ম নেওয়া শফিকুল ইসলাম, নুরুল ইসলাম ও মরহুমা জাহানারা ইসলামের সন্তান। তার এ নিয়োগে সাতক্ষীরাবাসীর মাঝে আনন্দের সাড়া পড়েছে। স্থানীয় আইনজীবী ও সচেতন মহল মনে করছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলো সফলভাবে পরিচালনা করবেন।

