
জিয়াউর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৃষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের পূজা মন্ডপ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডারস’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোছাঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুপম দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা সাজিদা বানু, ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা খাতুন, অনুজ কুমার, ইয়ুথ কল ও র্ল্যাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি অনুজ কুমার মিস্ত্রি এবং স্বেচ্ছাসেবক লাবনী পারভীনসহ সংশ্লিষ্টরা।
মাঠ দিবসে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও লবণাক্ততা সহনশীল ফসল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। এতে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়ে।
অনুষ্ঠানে সফল কৃষকদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। কৃষক মফিজুর রহমান এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষক আশীষ কুমার হালদার মিষ্টি আলু চাষে ভালো ফলন অর্জন করেছেন। এছাড়া কৃষক মিয়া রাজ হোসেন ‘কমলা সুন্দরী’ জাতের মিষ্টি আলু চাষ করে উল্লেখযোগ্য ফলন পাচ্ছেন।
বক্তারা বলেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলেও উপযুক্ত প্রযুক্তি ও সঠিক জাত নির্বাচন করলে ভালো ফলন সম্ভব। তারা এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

