
আজিজুর রহমান শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শ্যামনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষুব্ধ জনতা গাজী নজরুল ইসলামের কুশপুতুলে জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে নাগরিক সমাজের পক্ষ থেকে সোলাইমান কবির, প্রফেসর আবু সাঈদ, শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও আবুল কালাম মোড়ল বক্তব্য দেন।
বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং তাঁর কথিত কর্মকাণ্ডের কারণে মরিয়ম খাতুনের অকালমৃত্যুর অভিযোগ করেন। তারা এ ঘটনায় গাজী নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

